এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নামল

৩৮৫

৮৯যে সৎকাজ নিয়ে আসবে, তার জন্য তার চেয়েও উত্তম প্রতিদান থাকবে, আর তারা সেদিনের ভীতি থেকে নিরাপদ থাকবে।

৯০আর যে মন্দ কাজ নিয়ে আসবে, তাদের মুখ উপুড় করে আগুনে নিক্ষেপ করা হবে; তোমরা যা করেছ তারই প্রতিফল ছাড়া তোমাদের আর কী দেওয়া হবে?

৯১আমাকে তো কেবল এই আদেশ দেওয়া হয়েছে যে, আমি এই শহরের প্রতিপালকের ইবাদত করি, যিনি একে পবিত্র করেছেন, আর সবকিছু তাঁরই; আর আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই,

৯২আর যেন আমি কুরআন পাঠ করি। সুতরাং যে সৎপথ অবলম্বন করবে, সে তো নিজের জন্যই সৎপথ অবলম্বন করবে, আর যে পথভ্রষ্ট হবে তাকে বল, আমি তো কেবল একজন সতর্ককারী মাত্র।

৯৩আর বল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; তিনি শীঘ্রই তোমাদের তাঁর নিদর্শনসমূহ দেখাবেন, ফলে তোমরা তা চিনতে পারবে। আর তোমরা যা কর সে বিষয়ে তোমার প্রতিপালক অনবগত নন।

সূরা আল-কাসাস

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১ত্বা-সীন-মীম।

২এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

৩যারা বিশ্বাস করে তাদের জন্য আমি তোমার কাছে মূসা ও ফিরআউনের বৃত্তান্ত থেকে যথাযথভাবে কিছু বর্ণনা করছি।

৪নিশ্চয় ফিরআউন পৃথিবীতে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল এবং তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল; তাদের একটি দলকে সে দুর্বল করে রাখত, তাদের পুত্রসন্তানদের হত্যা করত এবং কন্যাসন্তানদের বাঁচিয়ে রাখত। নিশ্চয় সে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল।

৫আর আমি চেয়েছিলাম, যারা পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করি, তাদের নেতা বানাই এবং তাদের উত্তরাধিকারী বানাই,

পৃষ্ঠা ৩৮৫ / ৬০৪