৪০
২৪৬তুমি কি মূসার পরবর্তী বনী ইসরাঈলের নেতৃবর্গকে দেখোনি, যখন তারা তাদের এক নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব? তিনি বললেন, তোমাদের ওপর যুদ্ধ ফরজ করা হলে হয়তো তোমরা যুদ্ধ করবে না। তারা বলল, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না কেন, অথচ আমাদের নিজেদের ঘরবাড়ি ও সন্তানদের কাছ থেকে বিতাড়িত করা হয়েছে? অতঃপর যখন তাদের ওপর যুদ্ধ ফরজ করা হলো, তখন তাদের মধ্যে অল্প কিছু ছাড়া তারা মুখ ফিরিয়ে নিল; আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক জ্ঞাত।
২৪৭আর তাদের নবী তাদের বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা নিযুক্ত করেছেন। তারা বলল, তার কীভাবে আমাদের ওপর রাজত্ব হতে পারে, অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার, আর তাকে তো প্রচুর ধন-সম্পদও দেওয়া হয়নি? তিনি বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর তাকে মনোনীত করেছেন এবং জ্ঞানে ও দৈহিক শক্তিতে তাকে অতিরিক্ত সামর্থ্য দিয়েছেন। আর আল্লাহ যাকে ইচ্ছা নিজ রাজত্ব দান করেন; আর আল্লাহ প্রশস্ততাদাতা, সর্বজ্ঞ।
২৪৮আর তাদের নবী তাদের বললেন, নিশ্চয় তার রাজত্বের নিদর্শন এই যে, তোমাদের কাছে একটি সিন্দুক আসবে, যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি থাকবে এবং মূসার বংশধর ও হারুনের বংশধরের রেখে যাওয়া কিছু নিদর্শনও থাকবে, ফেরেশতারা তা বহন করে আনবে। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন আছে, যদি তোমরা মুমিন হও।
পৃষ্ঠা ৪০ / ৬০৪