এই পৃষ্ঠা শুনুন — সূরা আস-সাজদাহ

৪১৫

সূরা আস-সাজদাহ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১আলিফ-লাম-মীম।

২এই কিতাব বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই।

৩নাকি তারা বলে, তিনি নিজে এটা রচনা করেছেন? বরং এটাই তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি, যাতে তারা হিদায়াত পায়।

৪আল্লাহ, যিনি আসমান, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের ওপর সমাসীন হয়েছেন। তাঁকে ছাড়া তোমাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী নেই। তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

৫তিনি আকাশ থেকে যমীন পর্যন্ত সব বিষয় পরিচালনা করেন, অতঃপর তা তাঁর দিকে উত্থিত হয় এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান।

৬তিনিই অদৃশ্য ও দৃশ্যমানের জ্ঞাতা, পরাক্রমশালী, পরম দয়ালু,

৭যিনি যা কিছু সৃষ্টি করেছেন তা সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি দিয়ে,

৮অতঃপর তার বংশধারা তৈরি করেছেন তুচ্ছ এক তরল পদার্থের নির্যাস থেকে,

৯অতঃপর তাকে সুঠাম করেছেন এবং তার মধ্যে তাঁর রূহ ফুঁকে দিয়েছেন, আর তোমাদের জন্য কান, চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন। তোমরা খুবই কম কৃতজ্ঞতা প্রকাশ করো।

১০আর তারা বলে, 'যখন আমরা মাটিতে বিলীন হয়ে যাব, তখনও কি আমরা নতুন সৃষ্টি হিসেবে ফিরে আসব?' বরং তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে।

১১বলো, 'তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমাদের প্রতিপালকের কাছেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।'

পৃষ্ঠা ৪১৫ / ৬০৪