এই পৃষ্ঠা শুনুন — সূরা আস-সাজদাহ

৪১৭

২১আর আমি অবশ্যই তাদের বড় শাস্তির আগে ছোট শাস্তির স্বাদও দেব, যাতে তারা ফিরে আসে।

২২আর যাকে তার প্রতিপালকের নিদর্শনসমূহ দিয়ে স্মরণ করানো হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বড় অত্যাচারী আর কে আছে? নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী।

২৩আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, কাজেই তুমি তার সাক্ষাৎ সম্পর্কে সন্দেহে থেকো না, আর আমি তা বনী ইসরাঈলের জন্য পথনির্দেশ করেছিলাম।

২৪আর যখন তারা ধৈর্য ধরল, আমি তাদের মধ্য থেকে নেতা বানালাম, যারা আমার নির্দেশে পথ দেখাত, আর তারা আমার নিদর্শনসমূহে দৃঢ় বিশ্বাস রাখত।

২৫নিশ্চয় তোমার প্রতিপালক কিয়ামতের দিন তাদের মধ্যে যে বিষয়ে তারা মতভেদ করত তার মীমাংসা করে দেবেন।

২৬তাদের কি এটাও পথনির্দেশ দেয়নি যে, তাদের আগে আমি কত জাতিকে ধ্বংস করেছি, যাদের বাসস্থানে এরা চলাফেরা করে? নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, তবু কি তারা শুনবে না?

২৭তারা কি দেখে না, আমি ঊষর ভূমির দিকে পানি প্রবাহিত করি, অতঃপর তা দিয়ে ফসল উৎপন্ন করি, যা থেকে তাদের পশুরা ও তারা নিজেরা খায়? তবু কি তারা দেখবে না?

২৮তারা বলে, 'যদি তোমরা সত্যবাদী হও তবে এই বিজয় কখন হবে?'

২৯বলো, 'বিজয়ের দিন কাফিরদের ঈমান কোনো উপকারে আসবে না, আর তাদের অবকাশও দেওয়া হবে না।'

৩০কাজেই তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং অপেক্ষা করো, তারাও তো অপেক্ষায় আছে।

পৃষ্ঠা ৪১৭ / ৬০৪