এই পৃষ্ঠা শুনুন — সূরা ইয়াসীন

৪৪২

২৮আর তার পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আমি আকাশ থেকে কোনো বাহিনী নাযিল করিনি, আর নাযিল করারও প্রয়োজন ছিল না।

২৯তা তো ছিল শুধু একটি প্রচণ্ড শব্দ, ফলে তখনই তারা নিস্তব্ধ হয়ে গেল।

৩০হায় আফসোস বান্দাদের জন্য! তাদের কাছে যে রাসূলই এসেছেন, তাকে নিয়েই তারা বিদ্রূপ করেছে।

৩১তারা কি দেখেনি তাদের আগে কত মানবগোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা তাদের কাছে আর কখনো ফিরে আসবে না?

৩২আর তাদের প্রত্যেককেই একত্র করে আমার সামনে উপস্থিত করা হবে।

৩৩আর তাদের জন্য একটি নিদর্শন হলো মৃত ভূমি, আমি তাকে জীবিত করি এবং তা থেকে শস্য বের করি, যা থেকে তারা খায়।

৩৪আর আমি সেখানে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং সেখানে প্রস্রবণ প্রবাহিত করেছি,

৩৫যাতে তারা তার ফল খেতে পারে, আর এতে তাদের হাতের কোনো ভূমিকা নেই। তবু কি তারা কৃতজ্ঞ হবে না?

৩৬পবিত্র সেই সত্তা, যিনি সব জোড়া সৃষ্টি করেছেন—যা যমীন উৎপন্ন করে তা থেকে, আর তাদের নিজেদের মধ্য থেকে, আর যা তারা জানে না তা থেকেও।

৩৭আর তাদের জন্য একটি নিদর্শন হলো রাত, আমি তা থেকে দিনকে খসিয়ে ফেলি, ফলে তখনই তারা অন্ধকারে পতিত হয়।

৩৮আর সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে চলমান। এটাই পরাক্রমশালী, সর্বজ্ঞের নির্ধারণ।

৩৯আর চন্দ্রকে আমি বিভিন্ন মনযিল নির্ধারণ করে দিয়েছি, শেষে তা পুরনো খেজুর শাখার মতো বাঁকা হয়ে ফিরে আসে।

৪০না সূর্যের সাধ্য আছে চন্দ্রকে ধরে ফেলার, আর না রাত দিনকে অতিক্রম করতে পারে। আর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে।

পৃষ্ঠা ৪৪২ / ৬০৪