এই পৃষ্ঠা শুনুন — সূরা আস-সাফফাত

৪৪৯

৭৭আর আমি তার বংশধরদেরই টিকিয়ে রেখেছি।

৭৮আর আমি পরবর্তী প্রজন্মের মাঝে তার জন্য সুনাম রেখে দিয়েছি।

৭৯সকল জগতের মাঝে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।

৮০নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিফল দিয়ে থাকি।

৮১নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

৮২এরপর আমি অন্যদের ডুবিয়ে দিয়েছি।

৮৩আর নিশ্চয় তার অনুসারীদের মধ্যে ছিলেন ইবরাহীম,

৮৪যখন তিনি তার প্রতিপালকের কাছে সুস্থ, নিষ্কলুষ হৃদয় নিয়ে উপস্থিত হয়েছিলেন,

৮৫যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের ইবাদত করছ?

৮৬তোমরা কি আল্লাহ ছাড়া মিথ্যা ইলাহদের কামনা করছ?

৮৭তাহলে সৃষ্টিজগতের প্রতিপালক সম্পর্কে তোমাদের ধারণা কী?

৮৮অতঃপর তিনি তারকারাজির দিকে এক নজর তাকালেন,

৮৯আর বললেন, নিশ্চয় আমি অসুস্থ।

৯০তখন তারা তাকে রেখে ফিরে চলে গেল।

৯১অতঃপর তিনি চুপিসারে তাদের উপাস্যদের কাছে গিয়ে বললেন, তোমরা খাচ্ছ না কেন?

৯২তোমাদের কী হলো যে তোমরা কথা বলছ না?

৯৩অতঃপর তিনি তাদের ওপর ডান হাতে সজোরে আঘাত হানলেন।

৯৪তখন তারা দৌড়ে তার দিকে এগিয়ে এলো।

৯৫তিনি বললেন, তোমরা কি তাদের ইবাদত করছ, যাদের তোমরা নিজেরাই খোদাই করে বানাও?

৯৬অথচ আল্লাহই তোমাদের এবং তোমরা যা বানাও তার স্রষ্টা।

৯৭তারা বলল, তার জন্য একটি অগ্নিকুণ্ড নির্মাণ করো, অতঃপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো।

৯৮তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইল, কিন্তু আমি তাদেরই লাঞ্ছিত করলাম।

৯৯আর তিনি বললেন, নিশ্চয় আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে পথ দেখাবেন।

১০০হে আমার প্রতিপালক, আমাকে সৎকর্মশীলদের মধ্য থেকে একটি সন্তান দান করো।

১০১অতঃপর আমি তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম।

১০২অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছাল, তিনি বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে যবেহ করছি, এখন বলো তোমার মত কী। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন।

পৃষ্ঠা ৪৪৯ / ৬০৪