৪৫৪
১৭তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধরো, আর স্মরণ করো আমার বান্দা দাউদকে, যিনি শক্তির অধিকারী ছিলেন; নিশ্চয় তিনি ছিলেন বারবার আল্লাহর অভিমুখী।
১৮নিশ্চয় আমি পর্বতমালাকে তার অনুগত করেছিলাম, তারা সন্ধ্যায় ও সকালে তাসবীহ পাঠ করত,
১৯আর সমবেত পাখিদেরও, প্রত্যেকেই ছিল তার প্রতি অভিমুখী।
২০আর আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা দান করেছিলাম।
২১আর তোমার কাছে কি বিবাদকারীদের সংবাদ পৌঁছেছে, যখন তারা দেয়াল টপকে ইবাদতখানায় প্রবেশ করেছিল?
২২যখন তারা দাউদের কাছে প্রবেশ করল, তখন তিনি তাদের দেখে ভীত হলেন। তারা বলল, ভয় পাবেন না, আমরা দুই বিবাদকারী পক্ষ, আমাদের একজন অপরজনের প্রতি বাড়াবাড়ি করেছে, অতএব আপনি সত্যের ভিত্তিতে আমাদের মধ্যে ফয়সালা করুন এবং অবিচার করবেন না, আর আমাদের সরল পথ দেখান।
২৩নিশ্চয় এ আমার ভাই, তার আছে নিরানব্বইটি দুম্বা, আর আমার আছে একটিমাত্র দুম্বা, তবুও সে বলে, এটাও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও, আর কথায় সে আমার ওপর প্রবল হয়েছে।
২৪তিনি বললেন, তোমার দুম্বাটি তার দুম্বাগুলোর সাথে চাওয়ার মাধ্যমে সে তোমার ওপর অবশ্যই অবিচার করেছে, আর নিশ্চয় অংশীদারদের অনেকেই একে অপরের ওপর বাড়াবাড়ি করে থাকে, তবে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা ব্যতীত, আর তারা সংখ্যায় খুবই কম। আর দাউদ বুঝতে পারলেন যে, আমি আসলে তাকে পরীক্ষা করেছি, তাই তিনি তার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং সিজদায় লুটিয়ে পড়লেন ও তাঁর অভিমুখী হলেন।
২৫অতঃপর আমি তাকে তা ক্ষমা করে দিলাম, আর নিশ্চয় তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তনস্থল।
২৬হে দাউদ, নিশ্চয় আমি তোমাকে যমীনে প্রতিনিধি বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে সত্যের ভিত্তিতে ফয়সালা করো, আর প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
পৃষ্ঠা ৪৫৪ / ৬০৪