এই পৃষ্ঠা শুনুন — সূরা সাদ

৪৫৫

২৭আর আমি আসমান, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু অনর্থক সৃষ্টি করিনি। এটা তো কাফিরদের ধারণা মাত্র, সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ দুর্ভোগ।

২৮যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের কি আমি যমীনে বিপর্যয় সৃষ্টিকারীদের মতো গণ্য করব? নাকি মুত্তাকীদের পাপাচারীদের মতো গণ্য করব?

২৯এটি একটি বরকতময় কিতাব, যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বিবেকবানরা উপদেশ গ্রহণ করে।

৩০আর আমি দাউদকে সুলাইমান দান করেছিলাম, কতই না উত্তম বান্দা, নিশ্চয় তিনি ছিলেন বারবার অভিমুখী।

৩১যখন এক সন্ধ্যায় তার সামনে দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়া উপস্থিত করা হলো,

৩২তিনি বললেন, নিশ্চয় আমি আমার প্রতিপালকের স্মরণ ভুলে সম্পদের প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি, এমনকি তা পর্দার আড়ালে লুকিয়ে গেল।

৩৩সেগুলো আমার কাছে ফিরিয়ে আনো, অতঃপর তিনি তাদের পায়ে ও গলায় হাত বুলাতে লাগলেন।

৩৪আর নিশ্চয় আমি সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনে একটি দেহ ফেলে রেখেছিলাম, অতঃপর তিনি অভিমুখী হলেন।

৩৫তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজ্য দান করো, যা আমার পরে আর কারো জন্য শোভা পাবে না, নিশ্চয় তুমিই মহাদাতা।

৩৬অতঃপর আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, যা তার নির্দেশে যেখানে তিনি চাইতেন সেখানে মৃদুভাবে প্রবাহিত হতো,

৩৭আর প্রত্যেক নির্মাতা ও ডুবুরি শয়তানকেও,

৩৮আর শৃঙ্খলে আবদ্ধ অন্যান্যদেরও।

৩৯এটাই আমার দান, অতএব তুমি অবাধে দান করো অথবা রেখে দাও, এতে কোনো হিসাব নেই।

৪০আর নিশ্চয় তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তনস্থল।

৪১আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন তিনি তার প্রতিপালককে ডেকে বলেছিলেন, শয়তান আমাকে কষ্ট ও যন্ত্রণায় স্পর্শ করেছে।

৪২তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, এই তো শীতল স্নানের ও পানীয়ের পানি।

পৃষ্ঠা ৪৫৫ / ৬০৪