৪৬২
৩২অতএব তার চেয়ে বড় যালিম আর কে, যে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, আর সত্য তার কাছে আসার পরও তা মিথ্যা বলে? জাহান্নামে কি কাফিরদের আবাস নেই?
৩৩আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে গ্রহণ করেছে, তারাই মুত্তাকী।
৩৪তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে যা তারা চাইবে তাই রয়েছে। এটাই সৎকর্মশীলদের প্রতিফল।
৩৫যাতে আল্লাহ তাদের নিকৃষ্টতম কর্মও ক্ষমা করে দেন এবং তাদের কর্মের মধ্যে সর্বোত্তম যা ছিল তার প্রতিফল তাদের দেন।
৩৬আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে তাঁকে ছাড়া অন্যদের দিয়ে ভয় দেখায়। আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন, তার জন্য কোনো পথপ্রদর্শক নেই।
৩৭আর আল্লাহ যাকে পথ দেখান, তাকে বিভ্রান্তকারী কেউ নেই। আল্লাহ কি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন?
৩৮আর যদি তুমি তাদের জিজ্ঞেস করো, কে আসমান ও যমীন সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবে, আল্লাহ। বলো, তবে আমাকে বলো, তোমরা আল্লাহকে ছাড়া যাদের ডাকো, আল্লাহ যদি আমার কোনো ক্ষতি চান, তারা কি তাঁর সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি যদি আমার প্রতি অনুগ্রহ চান, তারা কি তাঁর সেই অনুগ্রহ রুদ্ধ করতে পারবে? বলো, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তাঁরই ওপর ভরসাকারীরা ভরসা করে।
৩৯বলো, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করে যাও, আমিও কাজ করছি, শীঘ্রই তোমরা জানতে পারবে,
৪০কার কাছে এমন শাস্তি আসে যা তাকে লাঞ্ছিত করে, আর কার ওপর স্থায়ী শাস্তি নেমে আসে।
পৃষ্ঠা ৪৬২ / ৬০৪