এই পৃষ্ঠা শুনুন — সূরা আয-যুমার

৪৬৩

৪১নিশ্চয় আমি তোমার প্রতি মানুষের জন্য সত্যসহ এই কিতাব অবতীর্ণ করেছি। অতএব যে পথ পায় সে নিজের কল্যাণেই পথ পায়, আর যে বিভ্রান্ত হয় সে নিজের ক্ষতির জন্যই বিভ্রান্ত হয়। আর তুমি তাদের ওপর কোনো তত্ত্বাবধায়ক নও।

৪২আল্লাহ প্রাণসমূহকে তাদের মৃত্যুর সময় গ্রহণ করেন, আর যারা মরেনি তাদেরও তাদের নিদ্রার সময়। অতঃপর যার ওপর মৃত্যু অবধারিত করেছেন তাকে আটকে রাখেন, আর অন্যদের নির্দিষ্ট সময় পর্যন্ত ফিরিয়ে দেন। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।

৪৩নাকি তারা আল্লাহকে ছাড়া সুপারিশকারী গ্রহণ করেছে? বলো, যদিও তারা কোনো কিছুরই মালিক নয় এবং বুদ্ধিও রাখে না, তবুও কি তোমরা তাদের সুপারিশকারী মানবে?

৪৪বলো, সমস্ত সুপারিশের অধিকার কেবল আল্লাহরই। আসমান ও যমীনের রাজত্ব তাঁরই, এরপর তাঁরই কাছে তোমাদের প্রত্যাবর্তন।

৪৫আর যখন একক আল্লাহকে স্মরণ করা হয়, তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর যখন তাঁকে ছাড়া অন্যদের স্মরণ করা হয়, তখনই তারা আনন্দিত হয়ে ওঠে।

৪৬বলো, হে আল্লাহ, আসমান ও যমীনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা, তুমিই তোমার বান্দাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করবে যাতে তারা মতভেদ করত।

৪৭আর যারা যুলুম করেছে, যদি তাদের জন্য যমীনে যা কিছু আছে সবই থাকত, আর তার সাথে সমপরিমাণ আরও থাকত, তবুও তারা কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি থেকে মুক্তির জন্য তা মুক্তিপণ হিসেবে দিয়ে দিত। আর আল্লাহর পক্ষ থেকে তাদের সামনে এমন কিছু প্রকাশ পাবে, যা তারা কখনো ধারণাও করেনি।

পৃষ্ঠা ৪৬৩ / ৬০৪