৪৬৮
৮হে আমাদের প্রতিপালক, আর তাদের প্রবেশ করাও চিরস্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ, আর তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও। নিশ্চয় তুমিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
৯আর তাদের মন্দ কর্মের ফল থেকে তাদের রক্ষা করো, আর সেদিন তুমি যাকে মন্দ কর্মের ফল থেকে রক্ষা করবে, তার ওপর তো তুমি অনুগ্রহই করলে। আর এটাই মহাসাফল্য।
১০নিশ্চয় যারা কুফরি করেছে তাদের ডেকে বলা হবে, তোমরা নিজেদের প্রতি যতটা বিরক্ত, আল্লাহর অসন্তুষ্টি তার চেয়েও বড় ছিল, যখন তোমাদের ঈমানের দিকে আহ্বান করা হতো আর তোমরা কুফরি করতে।
১১তারা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার জীবন দিয়েছ, অতঃপর আমরা আমাদের গুনাহ স্বীকার করছি, তাহলে কি বের হওয়ার কোনো পথ আছে?
১২এটা এই কারণে যে, যখন একক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কুফরি করতে, আর যখন তাঁর সাথে শরীক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। সুতরাং ফয়সালা মহান, সর্বোচ্চ আল্লাহরই।
১৩তিনিই তোমাদের তাঁর নিদর্শনসমূহ দেখান এবং তোমাদের জন্য আকাশ থেকে রিযিক অবতীর্ণ করেন, আর কেবল সে-ই উপদেশ গ্রহণ করে, যে তাঁর অভিমুখী হয়।
১৪অতএব তোমরা একনিষ্ঠভাবে দ্বীনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাঁকেই ডাকো, যদিও কাফিররা তা অপছন্দ করে।
১৫তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক, তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাঁর নির্দেশে রূহ প্রেরণ করেন, যাতে তিনি সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করেন,
১৬সেদিন তারা প্রকাশিত হয়ে পড়বে, তাদের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না। আজ রাজত্ব কার? একক, সর্বপ্রবল আল্লাহরই।
পৃষ্ঠা ৪৬৮ / ৬০৪