এই পৃষ্ঠা শুনুন — সূরা গাফির

৪৭১

৩৪আর নিশ্চয় ইউসুফ ইতিপূর্বে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণসহ এসেছিলেন, কিন্তু তিনি যা নিয়ে এসেছিলেন তা নিয়ে তোমরা সন্দেহেই থেকে গিয়েছিলে, এমনকি যখন তিনি মারা গেলেন তখন তোমরা বললে, আল্লাহ তার পরে আর কোনো রাসূল পাঠাবেন না। এভাবেই আল্লাহ তাকে বিভ্রান্ত করেন, যে সীমালঙ্ঘনকারী, সন্দেহপ্রবণ।

৩৫যারা তাদের কাছে আগত কোনো প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্ক করে, আল্লাহর কাছে এবং মুমিনদের কাছে তা চরম অসন্তোষজনক। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী, স্বৈরাচারীর অন্তরে মোহর মেরে দেন।

৩৬আর ফিরআউন বলল, হে হামান, আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি পথসমূহে পৌঁছাতে পারি,

৩৭আসমানের পথসমূহে, অতঃপর মূসার ইলাহকে উঁকি দিয়ে দেখতে পারি, আর নিশ্চয় আমি তাকে মিথ্যাবাদী মনে করি। আর এভাবেই ফিরআউনের কাছে তার মন্দ কর্মকে সুশোভিত করে দেখানো হয়েছিল এবং তাকে সরল পথ থেকে বাধা দেওয়া হয়েছিল। আর ফিরআউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া আর কিছুই ছিল না।

৩৮আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদের সঠিক পথ দেখাব।

৩৯হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো কেবল সাময়িক ভোগ, আর নিশ্চয় পরকালই স্থায়ী আবাসস্থল।

৪০যে মন্দ কাজ করবে তাকে কেবল তার সমপরিমাণই প্রতিফল দেওয়া হবে, আর যে সৎকর্ম করবে, পুরুষ হোক বা নারী, আর সে মুমিনও হয়, তারাই জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদের অগণিত রিযিক দেওয়া হবে।

পৃষ্ঠা ৪৭১ / ৬০৪