৪৭৩
৫০তারা বলবে, তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণসহ আসেননি? তারা বলবে, হ্যাঁ। তারা বলবে, তাহলে তোমরাই ডাকো। আর কাফিরদের আহ্বান তো বিভ্রান্তি ছাড়া কিছুই নয়।
৫১নিশ্চয় আমি আমার রাসূলগণকে এবং যারা ঈমান এনেছে তাদের সাহায্য করব পার্থিব জীবনে এবং সেদিনও যেদিন সাক্ষীরা দণ্ডায়মান হবে,
৫২সেদিন যালিমদের কোনো ওজর-আপত্তি কাজে আসবে না, আর তাদের জন্য থাকবে অভিশাপ এবং নিকৃষ্ট আবাসস্থল।
৫৩আর নিশ্চয় আমি মূসাকে হিদায়াত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে কিতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম,
৫৪হিদায়াত ও উপদেশস্বরূপ বিবেকবানদের জন্য।
৫৫অতএব তুমি ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর সকাল-সন্ধ্যা তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাসবীহ পাঠ করো।
৫৬নিশ্চয় যারা তাদের কাছে আগত কোনো প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্ক করে, তাদের অন্তরে অহংকার ছাড়া আর কিছুই নেই, তারা তাতে পৌঁছাতে পারবে না, অতএব তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
৫৭নিশ্চয় আসমান ও যমীনের সৃষ্টি মানুষের সৃষ্টির চেয়ে বড়, কিন্তু অধিকাংশ মানুষই জানে না।
৫৮আর অন্ধ ও চক্ষুষ্মান সমান নয়, আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আর যারা মন্দ কাজ করেছে তারাও সমান নয়। তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো।
পৃষ্ঠা ৪৭৩ / ৬০৪