৪৮৬
২৩এটাই তা, যার সুসংবাদ আল্লাহ তাঁর বান্দাদের দেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে। বলো, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, কেবল আত্মীয়তার সম্পর্কের ভালোবাসা ব্যতীত। আর যে কেউ কোনো সৎকর্ম করবে, আমি তার জন্য তাতে কল্যাণ বৃদ্ধি করে দেব। নিশ্চয় আল্লাহ মহাক্ষমাশীল, গুণগ্রাহী।
২৪নাকি তারা বলে, সে আল্লাহর ওপর মিথ্যা রচনা করেছে? তাহলে আল্লাহ যদি ইচ্ছা করেন, তোমার হৃদয়ে মোহর মেরে দিতে পারেন। আর আল্লাহ তাঁর বাণী দ্বারা মিথ্যাকে মিটিয়ে দেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় তিনি অন্তরের বিষয়ে সম্যক অবগত।
২৫আর তিনিই তাঁর বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজ ক্ষমা করে দেন, আর তিনি জানেন তোমরা যা করো।
২৬আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তিনি তাদের ডাকে সাড়া দেন এবং তাঁর অনুগ্রহে তাদের আরও বাড়িয়ে দেন। আর কাফিরদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
২৭আর আল্লাহ যদি তাঁর বান্দাদের জন্য রিযিক প্রশস্ত করে দিতেন, তবে তারা যমীনে সীমালঙ্ঘন করত, কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা তা নির্ধারিতভাবে অবতীর্ণ করেন। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের সম্পর্কে সম্যক অবগত, সম্যক দ্রষ্টা।
২৮আর তিনিই মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর অনুগ্রহ বিস্তার করেন। আর তিনিই অভিভাবক, প্রশংসিত।
২৯আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে আসমান ও যমীনের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তাও। আর তিনি যখন ইচ্ছা করবেন তখন তাদের একত্র করতে সক্ষম।
৩০আর তোমাদের ওপর যে বিপদই আপতিত হয়, তা তোমাদেরই হাতের কামাই দ্বারা, আর তিনি অনেক কিছুই ক্ষমা করে দেন।
৩১আর তোমরা যমীনে আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই।
পৃষ্ঠা ৪৮৬ / ৬০৪