৪৯৩
৪৮আর আমি তাদের যে নিদর্শনই দেখাতাম, তা তার আগেরটির চেয়ে বড় হত। আর আমি তাদের শাস্তি দিয়েছিলাম, যাতে তারা ফিরে আসে।
৪৯আর তারা বলল, হে জাদুকর, তোমার সঙ্গে তোমার প্রতিপালকের যে অঙ্গীকার আছে, তার মাধ্যমে আমাদের জন্য তাঁকে ডাক; আমরা তবে সঠিক পথে আসব।
৫০কিন্তু যখন আমি তাদের থেকে শাস্তি সরিয়ে দিলাম, তখনই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করল।
৫১আর ফিরআউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার সম্প্রদায়, মিশরের রাজত্ব কি আমার নয়, আর এই নদীগুলো কি আমার পাদদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি দেখছ না?
৫২বরং আমি কি এই ব্যক্তির চেয়ে উত্তম নই, যে নিতান্ত হীন এবং স্পষ্ট কথা বলতেও প্রায় অক্ষম?
৫৩তবে তার ওপর কেন স্বর্ণের কঙ্কন অর্পণ করা হল না, অথবা তার সঙ্গে ফেরেশতারা দলবদ্ধভাবে কেন এল না?
৫৪এভাবে সে তার সম্প্রদায়কে বোকা বানাল, ফলে তারা তার অনুগত হল; নিশ্চয় তারা ছিল সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
৫৫অতঃপর যখন তারা আমাকে ক্রুদ্ধ করে তুলল, আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে ডুবিয়ে দিলাম।
৫৬অতঃপর আমি তাদের অতীত কাহিনী এবং পরবর্তীদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলাম।
৫৭আর যখন মারইয়াম-পুত্রের দৃষ্টান্ত দেওয়া হল, তখনই তোমার সম্প্রদায় তা নিয়ে হৈচৈ শুরু করল।
৫৮আর তারা বলল, আমাদের উপাস্যরা উত্তম, নাকি সে? তারা তোমার কাছে এই দৃষ্টান্ত কেবল বিতর্কের জন্যই দিল; বরং তারা ঝগড়াটে সম্প্রদায়।
৫৯সে তো কেবল একজন বান্দা, যার ওপর আমি অনুগ্রহ করেছিলাম এবং তাকে বনী ইসরাইলের জন্য দৃষ্টান্ত বানিয়েছিলাম।
৬০আর আমি চাইলে তোমাদের মধ্য থেকে পৃথিবীতে উত্তরাধিকারী করে ফেরেশতা সৃষ্টি করতে পারতাম।
পৃষ্ঠা ৪৯৩ / ৬০৪