এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-জাসিয়া

৪৯৯

সূরা আল-জাসিয়া

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১হা-মীম।

২এই কিতাব নাযিলকৃত পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে।

৩নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে মুমিনদের জন্য বহু নিদর্শন রয়েছে।

৪আর তোমাদের সৃষ্টিতে এবং তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তাতে দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।

৫আর রাত-দিনের পরিবর্তনে, আর আল্লাহ আকাশ থেকে যে জীবিকা নাযিল করেন তা দিয়ে মৃত পৃথিবীকে জীবিত করার মধ্যে, আর বায়ু পরিবর্তনের মধ্যে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।

৬এগুলো আল্লাহর নিদর্শন, যা আমি তোমার কাছে যথাযথভাবে তেলাওয়াত করছি; সুতরাং আল্লাহ ও তাঁর নিদর্শনের পরে তারা আর কোন কথায় বিশ্বাস করবে?

৭প্রতিটি মিথ্যাচারী পাপীর জন্য দুর্ভোগ,

৮যে আল্লাহর আয়াত তার কাছে তেলাওয়াত করা শুনে, তারপর অহংকারবশত জেদ ধরে থাকে, যেন সে তা শোনেইনি; সুতরাং তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।

৯আর যখন সে আমার আয়াতের কিছু জানতে পারে, তখন তা নিয়ে ঠাট্টা করে; তাদের জন্যই আছে অপমানজনক শাস্তি।

১০তাদের সামনে রয়েছে জাহান্নাম; তারা যা অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসবে না, আর আল্লাহকে ছেড়ে যাদের তারা অভিভাবক বানিয়েছিল তারাও নয়; আর তাদের জন্য আছে মহাশাস্তি।

১১এটাই পথনির্দেশ; আর যারা তাদের প্রতিপালকের আয়াত অস্বীকার করে, তাদের জন্য আছে অতি যন্ত্রণাদায়ক শাস্তি।

১২আল্লাহ, যিনি সমুদ্রকে তোমাদের বশীভূত করে দিয়েছেন, যাতে তাঁর আদেশে তাতে নৌযান চলাচল করতে পারে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ অন্বেষণ করতে পার এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও।

১৩আর তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর পক্ষ থেকে তোমাদের বশীভূত করে দিয়েছেন; নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।

পৃষ্ঠা ৪৯৯ / ৬০৪