এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-হুজুরাত

৫১৬

৫আর তারা যদি ধৈর্য ধরত, যতক্ষণ না তুমি নিজে বেরিয়ে তাদের কাছে আসতে, তবে তা তাদের জন্য অধিক কল্যাণকর হত; আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

৬হে বিশ্বাসীগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে নাও, যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বস, শেষে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হয়।

৭আর জেনে রাখ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন; তিনি অনেক বিষয়ে তোমাদের কথামতো চললে তোমরা অবশ্যই কষ্টে পড়তে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করে দিয়েছেন, আর কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে তোমাদের কাছে অপ্রিয় করে দিয়েছেন; তারাই সঠিক পথপ্রাপ্ত।

৮এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও নিয়ামত; আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

৯আর মুমিনদের দুটি দল যদি পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও; অতঃপর যদি তাদের একদল অপর দলের ওপর সীমালঙ্ঘন করে, তবে যে সীমালঙ্ঘন করেছে তার সাথে যুদ্ধ কর, যতক্ষণ না সে আল্লাহর আদেশের দিকে ফিরে আসে; অতঃপর যদি সে ফিরে আসে, তবে ন্যায়সঙ্গতভাবে তাদের মধ্যে মীমাংসা করে দাও এবং ইনসাফ কর; নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন।

১০মুমিনরা তো পরস্পর ভাই ভাই; সুতরাং তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় কর, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়।

১১হে বিশ্বাসীগণ, কোনো সম্প্রদায় যেন অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে বিদ্রূপ না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম; আর কোনো নারীও যেন অন্য নারীদের নিয়ে বিদ্রূপ না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম; আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ কর না এবং একে অপরকে মন্দ উপাধিতে ডেক না; ঈমান আনার পর মন্দ নাম নেওয়া কতই না নিকৃষ্ট; আর যে তওবা করে না, তারাই জালিম।

পৃষ্ঠা ৫১৬ / ৬০৪