৫২৫
৩২তাদের বুদ্ধি কি তাদের এই কথা বলতে নির্দেশ দেয়, নাকি তারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়?
৩৩নাকি তারা বলে, সে নিজেই এটা রচনা করেছে? বরং তারা বিশ্বাসই করে না।
৩৪তবে তারা এর মতো কোনো বাণী নিয়ে আসুক, যদি তারা সত্যবাদী হয়।
৩৫নাকি তারা বিনা কিছু থেকে সৃষ্ট হয়েছে, নাকি তারাই স্রষ্টা?
৩৬নাকি তারাই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাসী নয়।
৩৭নাকি তাদের কাছে তোমার প্রতিপালকের ভাণ্ডার আছে, নাকি তারাই কর্তৃত্বের অধিকারী?
৩৮নাকি তাদের কোনো সিঁড়ি আছে, যাতে চড়ে তারা শোনে? তবে তাদের শ্রোতা কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসুক।
৩৯নাকি তাঁর জন্য কন্যাসন্তান আর তোমাদের জন্য পুত্রসন্তান?
৪০নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও, ফলে তারা ঋণের বোঝায় ভারাক্রান্ত?
৪১নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, ফলে তারা তা লিখে রাখে?
৪২নাকি তারা কোনো ষড়যন্ত্র করতে চায়? তবে যারা কুফরী করেছে তারাই ষড়যন্ত্রে পরাভূত হবে।
৪৩নাকি আল্লাহ ছাড়া তাদের অন্য কোনো উপাস্য আছে? তারা যা শরীক করে তা থেকে আল্লাহ পবিত্র মহান।
৪৪আর তারা যদি আকাশের কোনো খণ্ড পতিত হতে দেখে, তবুও বলবে, এ তো স্তূপীকৃত মেঘ।
৪৫সুতরাং তাদের ছেড়ে দাও, যতক্ষণ না তারা তাদের সেই দিনের সাক্ষাৎ পায়, যেদিন তাদের বজ্রাহত করা হবে,
৪৬যেদিন তাদের ষড়যন্ত্র তাদের কোনো কাজে আসবে না এবং তাদের সাহায্যও করা হবে না।
৪৭আর নিশ্চয় যারা জুলুম করেছে, তাদের জন্য এর আগেও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
৪৮আর তোমার প্রতিপালকের ফয়সালার জন্য ধৈর্য ধারণ কর, কেননা তুমি তো আমার দৃষ্টির সামনেই আছ; আর তুমি যখন ওঠ তখন তোমার প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা কর,
৪৯আর রাতের কিছু অংশে তাঁর পবিত্রতা ঘোষণা কর এবং তারকা অস্ত যাওয়ার সময়ও।
পৃষ্ঠা ৫২৫ / ৬০৪