এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নাজম

৫২৭

২৭নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাদের নারীর নামে নামকরণ করে।

২৮অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই; তারা কেবল অনুমানের অনুসরণ করে, আর সত্যের মোকাবিলায় অনুমান কোনো কাজেই আসে না।

২৯সুতরাং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং কেবল পার্থিব জীবনই চায়, তার থেকে মুখ ফিরিয়ে নাও।

৩০এটাই তাদের জ্ঞানের সীমা; নিশ্চয় তোমার প্রতিপালক ভালো জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনিই ভালো জানেন কে সঠিক পথে আছে।

৩১আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দ কাজকারীদের তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মশীলদের উত্তম প্রতিফল দেন।

৩২যারা লঘু পাপ ব্যতীত বড় বড় পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে; নিশ্চয় তোমার প্রতিপালক ক্ষমায় প্রশস্ত; তিনি তোমাদের সম্পর্কে সম্যক জ্ঞাত, যখন তিনি তোমাদের পৃথিবী থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ভ্রূণরূপে ছিলে; সুতরাং তোমরা নিজেদের পবিত্র বলে দাবি কর না; তিনিই ভালো জানেন কে তাকওয়া অবলম্বন করেছে।

৩৩তুমি কি তাকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নিয়েছে?

৩৪আর অল্প কিছু দান করে বন্ধ করে দিয়েছে?

৩৫তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে, ফলে সে দেখতে পায়?

৩৬নাকি তাকে জানানো হয়নি মূসার সহীফায় যা আছে,

৩৭আর ইবরাহীমের কথাও, যিনি তাঁর অঙ্গীকার পূর্ণ করেছিলেন,

৩৮যে কোনো ভারবাহী অন্যের ভার বহন করবে না,

৩৯আর মানুষের জন্য তাই আছে, যা সে চেষ্টা করেছে,

৪০আর তার প্রচেষ্টা শীঘ্রই দেখা যাবে,

৪১তারপর তাকে পূর্ণ প্রতিফল দেওয়া হবে,

৪২আর নিশ্চয় তোমার প্রতিপালকের কাছেই শেষ গন্তব্য,

৪৩আর নিশ্চয় তিনিই হাসান এবং কাঁদান,

৪৪আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং জীবন দান করেন,

পৃষ্ঠা ৫২৭ / ৬০৪