৫৪০
১৯আর যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই সত্যনিষ্ঠ এবং তাদের প্রতিপালকের কাছে সাক্ষীস্বরূপ; তাদের জন্য আছে তাদের প্রতিদান ও তাদের নূর। আর যারা কুফরী করেছে এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই জাহান্নামের অধিবাসী।
২০জেনে রাখো, পার্থিব জীবন তো কেবল খেলা, তামাশা, জাঁকজমক, পারস্পরিক গর্ব প্রকাশ এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে প্রতিযোগিতা—যেমন এক বৃষ্টি, যার উদ্ভিদ কৃষকদের চমৎকৃত করে, তারপর তা শুকিয়ে যায়, তুমি তা হলুদবর্ণ দেখতে পাও, তারপর তা খড়কুটোয় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠোর শাস্তি, আবার আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টিও আছে। আর পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়।
২১তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এটি আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন; আর আল্লাহ মহাঅনুগ্রহের অধিকারী।
২২পৃথিবীতে বা তোমাদের নিজেদের মধ্যে যে বিপর্যয়ই ঘটে, তা আমি সৃষ্টি করার আগেই একটি কিতাবে লিপিবদ্ধ থাকে; নিশ্চয়ই তা আল্লাহর জন্য সহজ।
২৩যাতে তোমাদের যা হারিয়ে যায় তার জন্য তোমরা দুঃখ না করো এবং তিনি তোমাদের যা দিয়েছেন তাতে তোমরা উৎফুল্ল না হও; আর আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না।
২৪যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়। আর যে মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।
পৃষ্ঠা ৫৪০ / ৬০৪