৫৪৬
৪এটা এজন্য যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করেছিল। আর যে আল্লাহর বিরোধিতা করে, নিশ্চয়ই আল্লাহ তো শাস্তিদানে কঠোর।
৫তোমরা যে খেজুর গাছ কেটেছ বা তার মূলের ওপর দাঁড় করিয়ে রেখেছ, তা আল্লাহরই অনুমতিক্রমে, আর যাতে তিনি সত্যত্যাগীদের অপমানিত করতে পারেন।
৬আর তাদের কাছ থেকে আল্লাহ তাঁর রাসূলকে যা কিছু ফিরিয়ে দিয়েছেন, তার জন্য তোমরা কোনো ঘোড়া বা উট দৌড়াওনি; কিন্তু আল্লাহ তাঁর রাসূলদের যার ওপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।
৭জনপদবাসীদের কাছ থেকে আল্লাহ তাঁর রাসূলকে যা কিছু ফিরিয়ে দিয়েছেন, তা আল্লাহর, রাসূলের, নিকটাত্মীয়ের, ইয়াতীমদের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য, যাতে তা কেবল তোমাদের মধ্যকার ধনীদের হাতেই ঘুরপাক না খায়। রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আর আল্লাহকে ভয় করো; নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর।
৮এটা সেই অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য, যাদের নিজেদের ঘরবাড়ি ও সম্পদ থেকে বহিষ্কার করা হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে, আর যারা আল্লাহ ও তাঁর রাসূলকে সাহায্য করে; তারাই সত্যনিষ্ঠ।
৯আর যারা তাদের আগেই এই নগরে বসবাস করছিল এবং ঈমান গ্রহণ করেছিল, তারা তাদের ভালোবাসে যারা তাদের কাছে হিজরত করে এসেছে, আর তাদের যা দেওয়া হয়েছে তার জন্য নিজেদের অন্তরে কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না, বরং নিজেদের প্রয়োজন থাকলেও তাদের অগ্রাধিকার দেয়। আর যাকে নিজের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে, তারাই সফলকাম।
পৃষ্ঠা ৫৪৬ / ৬০৪