এই পৃষ্ঠা শুনুন — সূরা আলে ইমরান

৫৫

৩৮সেখানেই যাকারিয়া তার প্রতিপালককে ডাকলেন, বললেন, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো; নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী।

৩৯অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, যখন তিনি মিহরাবে দাঁড়িয়ে নামায পড়ছিলেন, নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে আগত এক বাণীর সত্যায়নকারী, নেতা, ইন্দ্রিয়সংযমী এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত নবী হবেন।

৪০তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমার কীভাবে সন্তান হবে, অথচ আমার বার্ধক্য এসে গেছে আর আমার স্ত্রী বন্ধ্যা? তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন।

৪১তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমার জন্য একটি নিদর্শন স্থির করো। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে, তুমি তিন দিন ইশারা ছাড়া মানুষের সাথে কথা বলতে পারবে না। আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করো এবং সন্ধ্যায় ও প্রভাতে তাঁর পবিত্রতা ঘোষণা করো।

৪২আর স্মরণ করো, যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বের সকল নারীর ওপর তোমাকে মনোনীত করেছেন।

৪৩হে মারিয়াম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো।

৪৪এসব অদৃশ্যের সংবাদ, যা আমি তোমার প্রতি ওহি করছি। তুমি তাদের কাছে ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল যে, তাদের মধ্যে কে মারিয়ামের তত্ত্বাবধায়ক হবে, আর তুমি তাদের কাছে ছিলে না যখন তারা এ নিয়ে বিতর্ক করছিল।

৪৫স্মরণ করো, যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তাঁর পক্ষ থেকে আগত এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসীহ ঈসা, মারিয়াম-তনয়; দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।

পৃষ্ঠা ৫৫ / ৬০৪