এই পৃষ্ঠা শুনুন — সূরা আস-সফ

৫৫২

৬স্মরণ করো, যখন মারিয়াম-তনয় ঈসা বলেছিল, হে বনী ইসরাঈল, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল, আমার আগে যে তাওরাত এসেছে তার সত্যায়নকারী এবং সুসংবাদদাতা এক রাসূলের, যিনি আমার পরে আসবেন, যার নাম আহমদ। কিন্তু যখন সে তাদের কাছে স্পষ্ট প্রমাণসহ এলো, তারা বলল, এ তো স্পষ্ট জাদু।

৭আর তার চেয়ে বড় যালিম কে, যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে, অথচ তাকে ইসলামের দিকে আহ্বান জানানো হচ্ছে? আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।

৮তারা চায় তাদের মুখ দিয়ে ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পরিপূর্ণ করবেনই, যদিও কাফিররা তা অপছন্দ করে।

৯তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল দ্বীনের ওপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।

১০হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার সন্ধান দেব, যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে?

১১তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে; এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।

১২তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, আর স্থায়ী জান্নাতে সুন্দর বাসস্থান দেবেন; এটাই মহাসাফল্য।

১৩আর আরও একটি বিষয় আছে, যা তোমরা ভালোবাসো—আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। আর তুমি মুমিনদের সুসংবাদ দাও।

১৪হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন মারিয়াম-তনয় ঈসা তার হাওয়ারীদের বলেছিল, আল্লাহর পথে আমার সাহায্যকারী কারা? হাওয়ারীরা বলেছিল, আমরাই আল্লাহর সাহায্যকারী। তখন বনী ইসরাঈলের একটি দল বিশ্বাস স্থাপন করল, আর একটি দল কুফরী করল। তখন আমি তাদের শত্রুদের বিরুদ্ধে বিশ্বাসীদের শক্তিশালী করলাম, ফলে তারা বিজয়ী হয়ে গেল।

পৃষ্ঠা ৫৫২ / ৬০৪