৫৬৫
১৭নিশ্চয়ই আমি তাদের পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদের, যখন তারা কসম করেছিল যে সকালবেলায় তারা তার ফসল কাটবে,
১৮আর তারা কোনো ব্যতিক্রম রাখেনি।
১৯তখন তোমার প্রতিপালকের পক্ষ থেকে এক বিপর্যয় তাতে আঘাত হানল, আর তারা তখন ঘুমিয়ে ছিল,
২০ফলে তা কালো পোড়া মাঠের মতো হয়ে গেল।
২১তারপর তারা সকালে একে অপরকে ডাকাডাকি করল,
২২যে, যদি তোমরা ফসল কাটতে চাও তবে সকাল সকাল তোমাদের ক্ষেতে যাও।
২৩তখন তারা চলল, আর তারা চুপিচুপি কথা বলছিল,
২৪যে, আজ যেন কোনো মিসকীন তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।
২৫আর তারা বাধা দেওয়ার দৃঢ় সংকল্প নিয়ে সকালে বের হলো।
২৬কিন্তু যখন তারা তা দেখল, তখন তারা বলল, নিশ্চয়ই আমরা পথ ভুল করেছি।
২৭বরং আমরা তো বঞ্চিত হয়ে গেছি।
২৮তাদের মধ্যে যে অপেক্ষাকৃত ভালো ছিল, সে বলল, আমি কি তোমাদের বলিনি যে, তোমরা কেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করো না?
২৯তারা বলল, আমাদের প্রতিপালক পবিত্র, নিশ্চয়ই আমরা যালিম ছিলাম।
৩০তারপর তারা একে অপরের দিকে ফিরে পরস্পরকে দোষারোপ করতে লাগল।
৩১তারা বলল, হায় আমাদের দুর্ভাগ্য, নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।
৩২হয়তো আমাদের প্রতিপালক আমাদের এর চেয়ে উত্তম কিছু দান করবেন; নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের দিকেই মনোনিবেশ করছি।
৩৩শাস্তি এমনই হয়ে থাকে; আর আখিরাতের শাস্তি আরও বড়, যদি তারা জানত।
৩৪নিশ্চয়ই মুত্তাকীদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত।
৩৫তবে কি আমি আত্মসমর্পণকারীদের অপরাধীদের মতো গণ্য করব?
৩৬তোমাদের কী হলো, তোমরা কেমন বিচার করো?
৩৭নাকি তোমাদের কাছে কোনো কিতাব আছে যাতে তোমরা পড়ো,
৩৮যে, তোমরা যা পছন্দ করো তা-ই তোমাদের জন্য নির্ধারিত?
৩৯নাকি কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো অঙ্গীকার তোমরা আমার কাছ থেকে নিয়েছ যে, তোমরা যা বিচার করবে তা-ই তোমাদের জন্য?
৪০তাদের জিজ্ঞাসা করো, তাদের মধ্যে কে এর জামিন?
৪১নাকি তাদের কোনো শরীক আছে? তবে তারা তাদের শরীকদের নিয়ে আসুক, যদি তারা সত্যবাদী হয়।
৪২যেদিন পায়ের গোছা উন্মোচিত হবে এবং তাদের সিজদার জন্য আহ্বান জানানো হবে, তখন তারা তা করতে সক্ষম হবে না,
পৃষ্ঠা ৫৬৫ / ৬০৪