৫৮২
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১তারা একে অপরকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
২মহাসংবাদ সম্পর্কে,
৩যে সম্পর্কে তারা মতভেদে লিপ্ত।
৪কখনো না, শীঘ্রই তারা জানতে পারবে।
৫আবার বলছি, কখনো না, শীঘ্রই তারা জানতে পারবে।
৬আমি কি পৃথিবীকে বিছানারূপে তৈরি করিনি,
৭আর পর্বতমালাকে পেরেকরূপে?
৮আর আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়,
৯আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামের উপায়,
১০আর আমি রাতকে করেছি আচ্ছাদন,
১১আর আমি দিনকে করেছি জীবিকা অন্বেষণের সময়,
১২আর আমি তোমাদের উপরে নির্মাণ করেছি সাতটি মজবুত আকাশ,
১৩আর আমি সৃষ্টি করেছি এক উজ্জ্বল-দীপ্তিমান প্রদীপ,
১৪আর আমি মেঘমালা থেকে বর্ষণ করেছি প্রচুর বৃষ্টি,
১৫যাতে আমি তা দিয়ে বের করি শস্যদানা ও উদ্ভিদ,
১৬আর ঘন-সন্নিবিষ্ট বাগান।
১৭নিশ্চয় মীমাংসার দিন নির্ধারিত এক সময়।
১৮যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে,
১৯আর আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হয়ে যাবে বহু দরজাবিশিষ্ট,
২০আর পর্বতমালা চালিত করা হবে, ফলে তা হয়ে যাবে মরীচিকা।
২১নিশ্চয় জাহান্নাম হয়ে আছে ওঁৎ পেতে,
২২সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল,
২৩তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে,
২৪তারা সেখানে কোনো শীতলতা বা পানীয় আস্বাদন করবে না,
২৫কেবল ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত,
২৬যথোপযুক্ত প্রতিফল হিসেবে।
২৭নিশ্চয় তারা হিসাবের আশঙ্কা করত না,
২৮আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে মিথ্যা বলেছিল।
২৯আর আমি প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ করে গণনা করে রেখেছি।
৩০সুতরাং তোমরা আস্বাদন কর, আমি তোমাদের জন্য আযাব ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না।
পৃষ্ঠা ৫৮২ / ৬০৪