এই পৃষ্ঠা শুনুন — সূরা আলে ইমরান

৬৭

১৩৩আর তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

১৩৪যারা স্বচ্ছলতায় ও কষ্টে ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়; আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।

১৩৫আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে—আর আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করবে কে?—আর জেনেশুনে তারা তাদের কৃতকর্মের ওপর অটল থাকে না।

১৩৬তাদের প্রতিফল তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে; আর সৎকর্মশীলদের প্রতিদান কতই না উত্তম।

১৩৭তোমাদের পূর্বে অনেক নিয়ম-রীতি অতিবাহিত হয়েছে, অতএব তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, মিথ্যারোপকারীদের পরিণাম কী হয়েছিল।

১৩৮এটি মানুষের জন্য এক স্পষ্ট বর্ণনা, আর মুত্তাকীদের জন্য পথনির্দেশ ও উপদেশ।

১৩৯আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখ কোরো না, তোমরাই তো সর্বোচ্চ, যদি তোমরা মুমিন হও।

১৪০যদি তোমাদের কোনো আঘাত লেগে থাকে, তবে ওই সম্প্রদায়েরও অনুরূপ আঘাত লেগেছিল। আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে ফিরিয়ে দিই, যাতে আল্লাহ জেনে নেন কারা প্রকৃত মুমিন এবং তোমাদের মধ্য থেকে কিছু সাক্ষী গ্রহণ করেন; আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না।

পৃষ্ঠা ৬৭ / ৬০৪