এই পৃষ্ঠা শুনুন — সূরা আলে ইমরান

৭৪

১৮১নিশ্চয় আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছিল, আল্লাহ তো অভাবগ্রস্ত আর আমরা ধনী। আমি তাদের এই কথা এবং তাদের নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়টি লিখে রাখব, আর বলব, তোমরা দহনের শাস্তি আস্বাদন করো।

১৮২এটা তোমাদের নিজ হাতের কৃতকর্মের কারণে, আর নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন।

১৮৩যারা বলে, আল্লাহ আমাদের কাছে অঙ্গীকার নিয়েছেন যে, আমরা কোনো রাসূলে ঈমান আনব না যতক্ষণ না তিনি আমাদের কাছে এমন কুরবানি নিয়ে আসেন যা আগুন এসে গ্রাস করে। বলো, আমার পূর্বে বহু রাসূল তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি এবং তোমরা যা বলেছ তা নিয়েও এসেছিলেন, তবে তোমরা যদি সত্যবাদী হও তবে কেন তাদের হত্যা করেছিলে?

১৮৪অতঃপর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তোমার পূর্বেও বহু রাসূলকে মিথ্যাবাদী বলা হয়েছিল, যারা সুস্পষ্ট প্রমাণাদি, সহীফা এবং আলোকদানকারী কিতাব নিয়ে এসেছিলেন।

১৮৫প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে; আর তোমরা কিয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিদান পাবে। অতএব যাকে আগুন থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই সফলকাম হবে। আর পার্থিব জীবন প্রতারণার ভোগসামগ্রী ছাড়া আর কিছু নয়।

১৮৬তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে, আর তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে এবং যারা শিরক করেছে তাদের কাছ থেকে তোমরা অবশ্যই অনেক কষ্টদায়ক কথা শুনবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো ও তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয় এটি দৃঢ় সংকল্পের কাজ।

পৃষ্ঠা ৭৪ / ৬০৪