৮
৪৯আর স্মরণ কর, যখন আমি তোমাদের ফিরআউনের সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছিলাম, তারা তোমাদের কঠোর শাস্তি দিত, তোমাদের পুত্রসন্তানদের জবাই করত আর তোমাদের নারীদের জীবিত রাখত; আর এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক বড় পরীক্ষা।
৫০আর স্মরণ কর, যখন আমি তোমাদের জন্য সমুদ্র বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদের রক্ষা করেছিলাম আর ফিরআউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা দেখছিলে।
৫১আর স্মরণ কর, যখন আমি মূসার সাথে চল্লিশ রাতের প্রতিশ্রুতি করেছিলাম, এরপর তোমরা তার অনুপস্থিতিতে গোবৎস গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে জালিম।
৫২এরপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছিলাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও।
৫৩আর স্মরণ কর, যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম, যাতে তোমরা হিদায়াত পাও।
৫৪আর স্মরণ কর, যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা গোবৎস গ্রহণ করে নিজেদের প্রতি অন্যায় করেছ, কাজেই তোমরা তোমাদের স্রষ্টার কাছে তওবা কর, তোমরা নিজেদের হত্যা কর; এটাই তোমাদের স্রষ্টার কাছে তোমাদের জন্য উত্তম; অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করলেন; নিশ্চয় তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু।
৫৫আর স্মরণ কর, যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা তোমার প্রতি কখনো বিশ্বাস করব না, যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখি; তখন বজ্রপাত তোমাদের গ্রাস করল, আর তোমরা দেখছিলে।
৫৬এরপর আমি তোমাদের মৃত্যুর পর পুনরুত্থিত করেছিলাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও।
৫৭আর আমি তোমাদের ওপর মেঘের ছায়া দিয়েছিলাম, আর তোমাদের ওপর মান্না ও সালওয়া অবতীর্ণ করেছিলাম; আমি তোমাদের যে পবিত্র জীবিকা দিয়েছি তা থেকে আহার কর; আর তারা আমার প্রতি অন্যায় করেনি, বরং তারা নিজেদের প্রতিই অন্যায় করেছিল।
পৃষ্ঠা ৮ / ৬০৪