৮৬
৪৫আর আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে অধিক জ্ঞাত; আর অভিভাবকরূপে আল্লাহই যথেষ্ট, আর সাহায্যকারীরূপেও আল্লাহই যথেষ্ট।
৪৬ইহুদিদের মধ্যে কিছু লোক আছে যারা শব্দগুলোকে তাদের প্রকৃত স্থান থেকে বিকৃত করে, আর তারা বলে, আমরা শুনলাম এবং অমান্য করলাম, আর শোনো, তোমাকে যেন শোনানো না হয়, আর রায়িনা (আমাদের প্রতি লক্ষ রাখো)—নিজেদের জিহ্বা বাঁকিয়ে ও দ্বীনের প্রতি বিদ্রূপ করে। আর যদি তারা বলত, আমরা শুনলাম ও মান্য করলাম, আর শোনো এবং আমাদের প্রতি লক্ষ রাখো, তবে তা তাদের জন্য উত্তম ও অধিক সঠিক হতো; কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ তাদের অভিশপ্ত করেছেন, ফলে তারা সামান্যই ঈমান আনে।
৪৭হে কিতাবধারীগণ, আমি যা অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো, যা তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী, তার আগেই যে, আমি কিছু মুখমণ্ডল মুছে দিয়ে তা পিছনের দিকে ফিরিয়ে দিই অথবা তাদের অভিশপ্ত করি যেমন শনিবারের অবাধ্যদের অভিশপ্ত করেছিলাম। আর আল্লাহর নির্দেশ কার্যকরী হয়েই থাকে।
৪৮নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করেন না, আর এ ছাড়া অন্য যা কিছু তা যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে আল্লাহর সাথে শরিক করে, সে অবশ্যই এক মহাপাপের মিথ্যা রচনা করল।
৪৯তুমি কি তাদের দেখোনি, যারা নিজেদের পবিত্র বলে দাবি করে? বরং আল্লাহই যাকে ইচ্ছা পবিত্র করেন, আর তাদের প্রতি সুতা পরিমাণও জুলুম করা হবে না।
৫০দেখো, তারা কীভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে; আর এটাই সুস্পষ্ট পাপের জন্য যথেষ্ট।
৫১তুমি কি তাদের দেখোনি, যাদের কিতাবের একাংশ দেওয়া হয়েছিল? তারা জিবত ও তাগুতে বিশ্বাস করে এবং যারা কুফরি করেছে তাদের সম্পর্কে বলে, এরা ঈমানদারদের চেয়ে অধিক সঠিক পথে আছে।
পৃষ্ঠা ৮৬ / ৬০৪