৯২
৮৭আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই; তিনি অবশ্যই তোমাদের কিয়ামতের দিন সমবেত করবেন, যাতে কোনো সন্দেহ নেই; আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে?
৮৮তবে তোমাদের কী হলো যে, মুনাফিকদের বিষয়ে তোমরা দুই দলে বিভক্ত হয়ে গেছ, অথচ তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাদের ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তোমরা কি তাকে হিদায়াত দিতে চাও? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তুমি তার জন্য কোনো পথ পাবে না।
৮৯তারা কামনা করে, তোমরাও যেন তাদের মতো কুফরি করো, যাতে তোমরা সবাই সমান হয়ে যাও। অতএব যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত করে, ততক্ষণ তাদের মধ্য থেকে কাউকে বন্ধুরূপে গ্রহণ কোরো না। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তাদের যেখানে পাও সেখানেই ধরো এবং হত্যা করো, আর তাদের মধ্য থেকে কাউকে বন্ধু বা সাহায্যকারীরূপে গ্রহণ কোরো না।
৯০তবে তারা ছাড়া, যারা এমন সম্প্রদায়ের সাথে সংযুক্ত যাদের সাথে তোমাদের চুক্তি আছে, অথবা যারা তোমাদের কাছে আসে এই অবস্থায় যে, তাদের অন্তর সংকুচিত হয়ে যায় তোমাদের বিরুদ্ধে বা নিজেদের সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে। আর যদি আল্লাহ চাইতেন, তবে তাদের তোমাদের ওপর প্রবল করে দিতেন, তখন তারা তোমাদের সাথে অবশ্যই যুদ্ধ করত। সুতরাং যদি তারা তোমাদের থেকে দূরে থাকে, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তির প্রস্তাব দেয়, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি।
৯১শীঘ্রই তোমরা আরও কিছু লোককে পাবে, যারা চায় তোমাদের কাছে এবং নিজেদের সম্প্রদায়ের কাছেও নিরাপদ থাকতে; যখনই তাদের ফিতনার দিকে ফিরিয়ে দেওয়া হয়, তখনই তারা তাতে নিমজ্জিত হয়ে যায়। অতএব যদি তারা তোমাদের থেকে দূরে না থাকে, তোমাদের কাছে শান্তির প্রস্তাব না দেয় এবং নিজেদের হাত সংবরণ না করে, তবে তাদের যেখানে পাও সেখানেই ধরো ও হত্যা করো; আর তাদের বিরুদ্ধে আমি তোমাদের জন্য সুস্পষ্ট এখতিয়ার দিয়েছি।
পৃষ্ঠা ৯২ / ৬০৪