এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নিসা

৯৯

১২৮আর যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে অসদাচরণ বা অবহেলার আশঙ্কা করে, তবে তাদের উভয়ের নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়াতে কোনো দোষ নেই; আর মীমাংসাই উত্তম। আর মানুষের মনে কৃপণতা বিদ্যমান রয়েছে; আর যদি তোমরা সদাচরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।

১২৯আর তোমরা স্ত্রীদের মধ্যে ন্যায়বিচার করতে কখনো সক্ষম হবে না, যদিও তোমরা তা কামনা করো; সুতরাং সম্পূর্ণরূপে একদিকে ঝুঁকে পোড়ো না যে, অপরজনকে ঝুলন্ত অবস্থায় রেখে দাও। আর যদি তোমরা মীমাংসা করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

১৩০আর যদি তারা উভয়ে পৃথক হয়ে যায়, তবে আল্লাহ নিজ প্রশস্ততা থেকে উভয়কে অভাবমুক্ত করে দেবেন; আর আল্লাহ প্রশস্ততাদাতা, প্রজ্ঞাময়।

১৩১আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। আর নিশ্চয় আমি তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদেরও নির্দেশ দিয়েছি যে, তোমরা আল্লাহকে ভয় করো। আর যদি তোমরা কুফরি করো, তবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তো আল্লাহর; আর আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

১৩২আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর; আর কর্মবিধায়করূপে আল্লাহই যথেষ্ট।

১৩৩হে মানুষ, যদি তিনি চান, তবে তোমাদের বিলুপ্ত করে অন্যদের নিয়ে আসতে পারেন; আর আল্লাহ তা করতে সম্পূর্ণ সক্ষম।

১৩৪যে দুনিয়ার প্রতিদান কামনা করে, (সে জেনে রাখুক) আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাত উভয়েরই প্রতিদান আছে; আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

পৃষ্ঠা ৯৯ / ৬০৪