এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নিসা

১০৩

১৫৫অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে, আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করার কারণে, অন্যায়ভাবে নবীগণকে হত্যা করার কারণে এবং তাদের এই কথার কারণে যে, আমাদের অন্তর আবৃত—বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, ফলে তারা সামান্যই ঈমান আনে।

১৫৬আর তাদের কুফরির কারণে এবং মারিয়ামের বিরুদ্ধে মহা অপবাদ রচনা করার কারণেও,

১৫৭আর তাদের এই কথার কারণেও যে, আমরা মারিয়াম-তনয় মাসীহ ঈসা, আল্লাহর রাসূলকে হত্যা করেছি। অথচ তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে বিষয়টি সন্দেহজনকভাবে উপস্থাপিত হয়েছিল। আর নিশ্চয় যারা এ বিষয়ে মতভেদ করে তারা এ সম্পর্কে সন্দেহের মধ্যেই আছে; এ বিষয়ে তাদের কোনো নিশ্চিত জ্ঞান নেই, কেবল অনুমানের অনুসরণ করা ছাড়া; আর নিশ্চিতভাবে তারা তাকে হত্যা করেনি।

১৫৮বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন; আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

১৫৯আর কিতাবধারীদের মধ্যে এমন কেউ নেই, যে তার মৃত্যুর আগে তার (ঈসার) প্রতি ঈমান আনবে না; আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন।

১৬০অতঃপর ইহুদিদের জুলুমের কারণে আমি তাদের জন্য নিষিদ্ধ করেছিলাম এমন পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল, আর এ কারণেও যে, তারা প্রচুর পরিমাণে মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিত,

১৬১আর তাদের সুদ গ্রহণ করার কারণে, অথচ তা থেকে তাদের নিষেধ করা হয়েছিল, আর অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার কারণে। আর তাদের মধ্যে যারা কাফির তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি।

১৬২কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে সুদৃঢ় এবং মুমিনরা তোমার প্রতি অবতীর্ণ বিষয়ে এবং তোমার পূর্বে অবতীর্ণ বিষয়ে ঈমান রাখে, আর যারা নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে—তাদের আমি শীঘ্রই মহাপ্রতিদান দেব।

পৃষ্ঠা ১০৩ / ৬০৪