১০৯
১০আর যারা কুফরি করে এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে, তারাই জাহান্নামের অধিবাসী।
১১হে মুমিনগণ, আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যা তিনি তোমাদের প্রতি করেছেন, যখন এক জাতি তোমাদের বিরুদ্ধে হাত বাড়াতে সংকল্প করেছিল, তখন তিনি তাদের হাত তোমাদের থেকে প্রতিহত করলেন। আল্লাহকে ভয় কর; আর মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা।
১২আল্লাহ বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারোজন নেতা নিযুক্ত করেছিলাম। আল্লাহ বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি; যদি তোমরা নামায কায়েম কর, যাকাত দাও, আমার রাসূলদের প্রতি ঈমান আন, তাদের সাহায্য কর এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে আমি তোমাদের পাপসমূহ মোচন করে দেব এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাব যার নিচ দিয়ে নদী প্রবাহিত। এরপর তোমাদের মধ্যে যে কুফরি করবে সে সরল পথ থেকে বিভ্রান্ত হয়ে যাবে।
১৩তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের অভিশপ্ত করলাম এবং তাদের হৃদয় কঠিন করে দিলাম। তারা কালামকে তার স্থান থেকে বিকৃত করে এবং তাদের যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল তার একটি অংশ ভুলে গেছে। তাদের অল্প কয়েকজন ছাড়া তুমি সর্বদাই তাদের কোনো না কোনো বিশ্বাসঘাতকতা আবিষ্কার করবে। তবুও তাদের ক্ষমা কর এবং উপেক্ষা কর। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।
পৃষ্ঠা ১০৯ / ৬০৪