১২৬
১০৯যেদিন আল্লাহ রাসূলদের একত্র করবেন এবং বলবেন, তোমাদের কী উত্তর দেওয়া হয়েছিল? তারা বলবে, আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয় তুমিই অদৃশ্য বিষয়ের পরিজ্ঞাতা।
১১০যখন আল্লাহ বলবেন, হে মরিয়ম-তনয় ঈসা, আমার অনুগ্রহ স্মরণ কর যা তোমার প্রতি ও তোমার মায়ের প্রতি করেছি, যখন আমি তোমাকে রুহুল কুদুস দিয়ে শক্তিশালী করেছিলাম, তুমি দোলনায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতে, আর যখন আমি তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম, আর যখন তুমি আমার অনুমতিক্রমে মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতে, তারপর তাতে ফুঁ দিতে, ফলে তা আমার অনুমতিক্রমে পাখি হয়ে যেত, আর তুমি আমার অনুমতিক্রমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে, আর যখন তুমি আমার অনুমতিক্রমে মৃতদের বের করতে, আর যখন আমি বনী ইসরাইলকে তোমার থেকে বিরত রেখেছিলাম যখন তুমি তাদের কাছে স্পষ্ট প্রমাণসহ এসেছিলে, তখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলল, এ তো স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়।
১১১আর যখন আমি হাওয়ারীদের প্রতি ওহী পাঠিয়েছিলাম যে, আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আন, তারা বলল, আমরা ঈমান এনেছি, আর সাক্ষী থাক যে আমরা আত্মসমর্পণকারী।
১১২যখন হাওয়ারীরা বলল, হে মরিয়ম-তনয় ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের প্রতি আসমান থেকে খাদ্যভর্তি এক খাঞ্চা অবতীর্ণ করতে সক্ষম? সে বলল, আল্লাহকে ভয় কর, যদি তোমরা মুমিন হও।
১১৩তারা বলল, আমরা চাই তা থেকে আহার করতে, আমাদের অন্তর প্রশান্ত হোক এবং আমরা জানতে চাই যে তুমি আমাদের সাথে সত্য বলেছ, আর আমরা যেন এর সাক্ষী হতে পারি।
পৃষ্ঠা ১২৬ / ৬০৪