এই পৃষ্ঠা শুনুন — সূরা আত-তাওবা

১৯০

২১তাদের প্রতিপালক তাদের সুসংবাদ দেন তাঁর পক্ষ থেকে করুণা, সন্তুষ্টি এবং এমন জান্নাতের, যেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী নিয়ামত।

২২সেখানে তারা চিরকাল থাকবে। নিশ্চয় আল্লাহর কাছে মহাপুরস্কার রয়েছে।

২৩হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতা ও ভাইদের বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমানের চেয়ে কুফরকে অধিক প্রিয় মনে করে। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, তারাই যালিম।

২৪বলো, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন-সম্পদ, যে ব্যবসায় মন্দার আশঙ্কা করো, আর যেসব বাসস্থান তোমরা পছন্দ করো—যদি এসব তোমাদের কাছে আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদের চেয়ে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো, যতক্ষণ না আল্লাহ তাঁর সিদ্ধান্ত নিয়ে আসেন। আর আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দেন না।

২৫আল্লাহ তোমাদের অনেক স্থানে সাহায্য করেছেন, আর হুনায়নের দিনেও, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের অহংকারী করে তুলেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং বিস্তৃত পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল, তারপর তোমরা পিঠ ফিরিয়ে পালিয়ে গিয়েছিলে।

২৬তারপর আল্লাহ তাঁর রাসূল ও মুমিনদের ওপর তাঁর প্রশান্তি নাযিল করলেন, আর এমন এক সেনাবাহিনী নাযিল করলেন যা তোমরা দেখতে পাওনি, এবং যারা কুফরি করেছিল তাদের শাস্তি দিলেন। আর এটাই কাফিরদের প্রতিফল।

পৃষ্ঠা ১৯০ / ৬০৪