১৮৯
১৪তাদের বিরুদ্ধে যুদ্ধ করো; আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের সাহায্য করবেন এবং মুমিন সম্প্রদায়ের অন্তরকে প্রশান্ত করবেন।
১৫আর তাদের অন্তরের ক্ষোভ দূর করে দেবেন। আর আল্লাহ যাকে ইচ্ছা তার তওবা কবুল করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
১৬তোমরা কি মনে করেছ যে তোমাদের এমনিই ছেড়ে দেওয়া হবে, অথচ আল্লাহ এখনো জানেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনদের বাদ দিয়ে কাউকে অন্তরঙ্গ বন্ধু বানায়নি? আর তোমরা যা করো আল্লাহ তার সম্পূর্ণ খবর রাখেন।
১৭মুশরিকদের জন্য এটা শোভা পায় না যে তারা আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, অথচ তারা নিজেদের কুফরের সাক্ষ্য দিচ্ছে। তাদের কর্ম নিষ্ফল হয়ে গেছে, আর তারা আগুনে চিরকাল থাকবে।
১৮আল্লাহর মসজিদসমূহ কেবল তারাই আবাদ করে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। আশা করা যায় তারাই হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।
১৯তোমরা কি হাজীদের পানি পান করানো এবং মসজিদুল হারাম আবাদ করাকে তার সমতুল্য মনে করেছ, যে আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহর পথে জিহাদ করে? আল্লাহর কাছে তারা সমান নয়। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।
২০যারা বিশ্বাস স্থাপন করেছে, হিজরত করেছে এবং নিজেদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা সর্বোচ্চ। আর তারাই সফলকাম।
পৃষ্ঠা ১৮৯ / ৬০৪