এই পৃষ্ঠা শুনুন — সূরা আত-তাওবা

১৯১

২৭এরপরও আল্লাহ যাকে ইচ্ছা তার তওবা কবুল করেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

২৮হে ঈমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং তারা যেন এ বছরের পর মসজিদুল হারামের কাছে না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে আল্লাহ চাইলে তাঁর অনুগ্রহে তোমাদের অভাবমুক্ত করে দেবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

২৯যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহ ও তাঁর রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, এবং সত্য দ্বীন গ্রহণ করে না—কিতাবপ্রাপ্তদের মধ্য থেকে—যতক্ষণ না তারা বশ্যতা স্বীকার করে হাতে হাতে জিযিয়া প্রদান করে।

৩০ইহুদিরা বলে, উযায়ির আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে, মসীহ আল্লাহর পুত্র। এটি তাদের মুখের কথা, তারা পূর্ববর্তী কাফিরদের কথার অনুকরণ করছে। আল্লাহ তাদের ধ্বংস করুন, তারা কীভাবে বিভ্রান্ত হচ্ছে!

৩১তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সন্ন্যাসীদের এবং মারয়ামের পুত্র মসীহকে রব হিসেবে গ্রহণ করেছে, অথচ তাদের কেবল একমাত্র ইলাহের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছিল; তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তারা যা শরিক করে তা থেকে তিনি পবিত্র।

পৃষ্ঠা ১৯১ / ৬০৪