এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-হিজর

২৬২

সূরা আল-হিজর

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১আলিফ-লাম-রা। এগুলো কিতাবের আয়াত এবং স্পষ্ট কুরআনের আয়াত।

২যারা কুফরী করেছে, অনেক সময় তারা কামনা করবে যে, আহা যদি তারা মুসলিম হতো!

৩তাদেরকে ছেড়ে দাও, তারা খাক, ভোগ করুক এবং মিথ্যা আশা তাদেরকে গাফেল রাখুক। শীঘ্রই তারা জানতে পারবে।

৪আমি এমন কোনো জনপদ ধ্বংস করিনি, যার জন্য নির্ধারিত একটি লিখিত সময়সীমা ছিল না।

৫কোনো জাতিই তার নির্ধারিত সময়ের আগে যেতে পারে না, আবার পিছিয়েও দিতে পারে না।

৬আর তারা বলল, হে ব্যক্তি, যার ওপর উপদেশবাণী অবতীর্ণ হয়েছে, নিশ্চয় তুমি একজন উন্মাদ।

৭তুমি যদি সত্যবাদী হও, তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে নিয়ে আসছ না কেন?

৮আমি ফেরেশতাদেরকে যথাযথ প্রয়োজন ছাড়া অবতীর্ণ করি না, আর তখন তাদেরকে আর অবকাশ দেওয়া হতো না।

৯নিশ্চয় আমিই এই উপদেশবাণী অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমিই এর রক্ষক।

১০আর তোমার পূর্বে আমি পূর্ববর্তী বহু জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম।

১১আর তাদের কাছে এমন কোনো রাসূল আসেননি, যাকে নিয়ে তারা ঠাট্টা-বিদ্রূপ করেনি।

১২এভাবেই আমি অপরাধীদের অন্তরে এটাকে প্রবেশ করিয়ে দিই।

১৩তারা এতে ঈমান আনে না, অথচ পূর্ববর্তীদের রীতি অতিবাহিত হয়ে গেছে।

১৪আর যদি আমি তাদের জন্য আকাশের একটি দরজা খুলে দিতাম আর তারা তার মধ্য দিয়ে ঊর্ধ্বে আরোহণ করতে থাকত,

১৫তবুও তারা বলত, আমাদের দৃষ্টি শুধু ধোঁকায় পড়েছে, বরং আমরা তো এক জাদুগ্রস্ত জাতি।

পৃষ্ঠা ২৬২ / ৬০৪