২৯৯
৪৬ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা, আর স্থায়ী সৎকর্মই তোমার প্রতিপালকের কাছে প্রতিদানে উত্তম এবং আশাতেও উত্তম।
৪৭আর যেদিন আমি পাহাড়গুলোকে চালনা করব এবং তুমি পৃথিবীকে দেখবে উন্মুক্ত অবস্থায়, আর আমি তাদেরকে একত্র করব, তাদের একজনকেও রেহাই দেব না।
৪৮আর তাদেরকে তোমার প্রতিপালকের সামনে সারিবদ্ধভাবে উপস্থাপন করা হবে। নিশ্চয় তোমরা আমার কাছে এসেছ যেমন প্রথমবার আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, বরং তোমরা তো দাবি করতে যে, আমি তোমাদের জন্য কখনও কোনো প্রতিশ্রুত সময় স্থির করব না।
৪৯আর কর্মলিপি স্থাপন করা হবে, তখন তুমি অপরাধীদেরকে দেখবে তাতে যা আছে তার কারণে ভীত-সন্ত্রস্ত, আর তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, এ কেমন কিতাব যে, ছোট বা বড় কোনো কিছুই বাদ না রেখে সব হিসাব করে রেখেছে! আর তারা তাদের কৃতকর্ম উপস্থিত পাবে। আর তোমার প্রতিপালক কারও প্রতি জুলুম করেন না।
৫০আর স্মরণ কর, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, তোমরা আদমকে সিজদা কর, তখন তারা সিজদা করল, তবে ইবলিস ছাড়া, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, ফলে সে তার প্রতিপালকের নির্দেশ অমান্য করল। তবুও কি তোমরা তাকে ও তার বংশধরদেরকে আমাকে ছেড়ে অভিভাবকরূপে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? জালিমদের জন্য এ কতই না নিকৃষ্ট বিনিময়!
৫১আমি তাদেরকে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সাক্ষী বানাইনি, আর তাদের নিজেদের সৃষ্টিরও নয়, আর আমি পথভ্রষ্টকারীদেরকে সহায়করূপে গ্রহণকারীও নই।
৫২আর যেদিন তিনি বলবেন, তোমরা আমার সেই শরীকদেরকে ডাক, যাদের কথা তোমরা দাবি করতে। তখন তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর আমি তাদের মাঝে এক ধ্বংসস্থল স্থাপন করে দেব।
৫৩আর অপরাধীরা আগুন দেখবে এবং তারা নিশ্চিত হবে যে, তারা তাতে পতিত হতে যাচ্ছে, আর তারা তা থেকে ফিরে যাওয়ার কোনো পথ খুঁজে পাবে না।
পৃষ্ঠা ২৯৯ / ৬০৪