৩৪১
৭৩হে মানুষ, একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, সুতরাং তা মনোযোগ দিয়ে শোন; নিশ্চয় তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ডাক, তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সবাই এর জন্য একত্র হয়; আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তা তার কাছ থেকে উদ্ধারও করতে পারবে না; প্রার্থনাকারী ও প্রার্থিত উভয়ই কতই না দুর্বল!
৭৪তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করেনি; নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, মহাশক্তিধর।
৭৫আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে দূত মনোনীত করেন; নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
৭৬তিনি জানেন তাদের সামনে কী আছে এবং পেছনে কী আছে; আর আল্লাহর কাছেই সব বিষয় প্রত্যাবর্তিত হয়।
৭৭হে মুমিনগণ, তোমরা রুকু কর, সিজদা কর, তোমাদের প্রতিপালকের ইবাদত কর এবং সৎকাজ কর, যাতে তোমরা সফলকাম হও।
৭৮আর আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ কর; তিনি তোমাদের মনোনীত করেছেন এবং দ্বীনের মধ্যে তোমাদের ওপর কোনো কষ্ট আরোপ করেননি; এটা তোমাদের পিতা ইবরাহীমের ধর্ম; তিনিই ইতঃপূর্বে এবং এই কুরআনেও তোমাদের নাম রেখেছেন মুসলিম, যাতে রাসূল তোমাদের ওপর সাক্ষী হন এবং তোমরা মানুষের ওপর সাক্ষী হও। সুতরাং নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ কর; তিনিই তোমাদের অভিভাবক; কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী!
পৃষ্ঠা ৩৪১ / ৬০৪