এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-মুমিনূন

৩৪২

সূরা আল-মুমিনূন

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১মুমিনরা অবশ্যই সফলকাম হয়েছে।

২যারা তাদের নামাযে বিনম্র।

৩আর যারা অনর্থক কথাবার্তা থেকে বিমুখ থাকে।

৪আর যারা যাকাত প্রদানকারী।

৫আর যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে।

৬তবে তাদের স্ত্রী অথবা তাদের অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে নয়, এতে তারা নিন্দনীয় নয়।

৭অতঃপর যে এর বাইরে কিছু কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী।

৮আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে।

৯আর যারা তাদের নামাযসমূহ সংরক্ষণ করে।

১০তারাই তো উত্তরাধিকারী,

১১যারা ফিরদাউসের উত্তরাধিকারী হবে, তারা সেখানে চিরকাল থাকবে।

১২আর নিশ্চয় আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।

১৩অতঃপর আমি তাকে সুরক্ষিত স্থানে শুক্রবিন্দুরূপে স্থাপন করেছি।

১৪তারপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে, অতঃপর মাংসপিণ্ডকে অস্থিতে পরিণত করেছি, তারপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি; তারপর তাকে অন্য এক সৃষ্টিতে রূপান্তরিত করেছি; সুতরাং কতই না বরকতময় আল্লাহ, সর্বোত্তম স্রষ্টা!

১৫এরপর নিশ্চয় তোমরা মৃত্যুবরণ করবে।

১৬তারপর নিশ্চয় তোমরা কিয়ামতের দিন পুনরুত্থিত হবে।

১৭আর নিশ্চয় আমি তোমাদের ওপরে সাতটি আকাশ সৃষ্টি করেছি, আর আমি সৃষ্টি সম্পর্কে উদাসীন নই।

পৃষ্ঠা ৩৪২ / ৬০৪