এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নূর

৩৫২

২১হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না। আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, সে তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। আর যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, তবে তোমাদের মধ্যে কেউ কখনো পবিত্র হতে পারত না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

২২আর তোমাদের মধ্যে যারা মর্যাদা ও সচ্ছলতার অধিকারী তারা যেন শপথ না করে যে, তারা আত্মীয়-স্বজন, অভাবগ্রস্ত ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছু দেবে না। তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

২৩নিশ্চয় যারা সরলমনা সতী মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।

২৪সেদিন তাদের জিহ্বা, হাত ও পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তারা যা করত তার জন্য।

২৫সেদিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল পূর্ণরূপে দান করবেন, আর তারা জানবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য।

২৬দুশ্চরিত্র নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য, আর দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্র নারীদের জন্য; আর সচ্চরিত্র নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য, আর সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্র নারীদের জন্য। তারা এসব অপবাদ থেকে মুক্ত। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক।

২৭হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য গৃহে অনুমতি না নিয়ে ও গৃহবাসীদের সালাম না দিয়ে প্রবেশ কর না। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।

পৃষ্ঠা ৩৫২ / ৬০৪