এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নূর

৩৫৩

২৮আর যদি সেখানে কাউকে না পাও, তবে অনুমতি না পাওয়া পর্যন্ত তাতে প্রবেশ কর না। আর যদি তোমাদের বলা হয়, ফিরে যাও, তবে ফিরে যাও, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। আর তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত।

২৯এমন গৃহে প্রবেশ করায় তোমাদের কোনো দোষ নেই যা বসবাসের জন্য নয়, তবে যাতে তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু আছে। আর তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর, আল্লাহ তা জানেন।

৩০মুমিন পুরুষদের বল, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় আল্লাহ তারা যা করে সে বিষয়ে সবিশেষ অবগত।

৩১আর মুমিন নারীদের বল, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, আর তাদের সৌন্দর্য প্রকাশ না করে, যা আপনাআপনি প্রকাশ পায় তা ব্যতীত। আর তারা যেন তাদের মাথার কাপড় বুকের ওপর টেনে দেয়। আর তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের পুত্র, বোনের পুত্র, নিজেদের নারী সঙ্গী, অধিকারভুক্ত দাসী, যৌন আকাঙ্ক্ষাহীন পুরুষ সেবক অথবা নারীদের গোপনীয় বিষয়ে অজ্ঞ শিশুদের কাছে ব্যতীত। আর তারা যেন নিজেদের পা এমনভাবে না ফেলে যাতে তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পায়। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে এসো, যাতে তোমরা সফলকাম হও।

পৃষ্ঠা ৩৫৩ / ৬০৪