এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাকারা

৩৬

২২৫আল্লাহ তোমাদের অনিচ্ছাকৃত শপথের জন্য পাকড়াও করবেন না, তবে তোমাদের অন্তর যা অর্জন করেছে তার জন্য পাকড়াও করবেন; আর আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।

২২৬যারা নিজেদের স্ত্রীদের থেকে দূরে থাকার শপথ করে, তাদের জন্য চার মাসের অপেক্ষা নির্ধারিত। অতঃপর যদি তারা ফিরে আসে, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

২২৭আর যদি তারা তালাক দেওয়ার সংকল্প করে, তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

২২৮আর তালাকপ্রাপ্তা নারীরা নিজেদের ব্যাপারে তিনটি ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করবে। আর আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য বৈধ নয়, যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে। আর এই সময়ের মধ্যে তাদের স্বামীরা তাদের ফিরিয়ে নেওয়ার অধিক অধিকারী, যদি তারা মীমাংসা কামনা করে। আর প্রচলিত নিয়ম অনুযায়ী নারীদেরও তেমনই অধিকার আছে, যেমন তাদের ওপর আছে, তবে পুরুষদের তাদের ওপর একটি মর্যাদা আছে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

২২৯তালাক দুইবার; অতঃপর হয় প্রচলিত নিয়মে রাখা, নয়তো সদয়ভাবে বিদায় দেওয়া। আর তোমরা তাদের যা দিয়েছ তা থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয়, তবে যদি উভয়ে আশঙ্কা করে যে, তারা আল্লাহর নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে না। অতঃপর যদি তোমরা আশঙ্কা করো যে, তারা উভয়ে আল্লাহর নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে না, তবে স্ত্রী যা দিয়ে মুক্তি কিনে নেয় তাতে উভয়ের কোনো দোষ নেই। এসব আল্লাহর নির্ধারিত সীমা, অতএব তা লঙ্ঘন কোরো না। আর যারা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে, তারাই জালিম।

২৩০অতঃপর যদি সে তাকে (তৃতীয়বার) তালাক দেয়, তবে সে অন্য কোনো স্বামীকে বিবাহ না করা পর্যন্ত তার জন্য বৈধ হবে না। অতঃপর যদি সে (নতুন স্বামী) তাকে তালাক দেয়, তবে যদি তারা উভয়ে মনে করে যে, তারা আল্লাহর নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে, তাহলে তাদের (প্রথম স্বামী-স্ত্রীর) পুনরায় ফিরে আসাতে কোনো দোষ নেই। আর এসব আল্লাহর নির্ধারিত সীমা, যা তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে বর্ণনা করেন।

পৃষ্ঠা ৩৬ / ৬০৪