৩৬৭
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১ত্বা-সীন-মীম।
২এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
৩তারা মুমিন হচ্ছে না বলে তুমি হয়তো নিজেকে ধ্বংস করে ফেলবে।
৪আমি ইচ্ছা করলে আকাশ থেকে তাদের ওপর এমন নিদর্শন অবতীর্ণ করতে পারি, যার সামনে তাদের ঘাড় নত হয়ে থাকবে।
৫আর পরম করুণাময়ের পক্ষ থেকে যখনই তাদের কাছে কোনো নতুন উপদেশ আসে, তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
৬তারা তো মিথ্যা প্রতিপন্ন করেছে; সুতরাং তারা যা নিয়ে ঠাট্টা করত, শীঘ্রই তার সংবাদ তাদের কাছে পৌঁছাবে।
৭তারা কি পৃথিবীর দিকে লক্ষ করে না, আমি তাতে কত রকমের মূল্যবান উদ্ভিদ উদ্গত করেছি?
৮নিশ্চয় এতে একটি নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।
৯আর নিশ্চয় তোমার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু।
১০আর স্মরণ কর, যখন তোমার প্রতিপালক মূসাকে ডেকে বলেছিলেন, তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও।
১১ফিরআউনের সম্প্রদায়ের কাছে; তারা কি ভয় করবে না?
১২তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যাবাদী বলবে।
১৩আর আমার বক্ষ সংকুচিত হয়ে যায়, আমার জিহ্বাও সাবলীল নয়; সুতরাং হারুনের কাছেও রিসালাতের বার্তা পাঠাও।
১৪আর তাদের কাছে আমার বিরুদ্ধে একটি অভিযোগও আছে, তাই আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে।
১৫তিনি বললেন, কখনো নয়। সুতরাং তোমরা উভয়ে আমার নিদর্শনসহ যাও; নিশ্চয় আমি তোমাদের সাথে শ্রবণকারী।
১৬অতঃপর তোমরা উভয়ে ফিরআউনের কাছে গিয়ে বল, আমরা বিশ্বজগতের প্রতিপালকের রাসূল।
১৭আমাদের সাথে বনী ইসরাইলকে যেতে দাও।
১৮ফিরআউন বলল, আমরা কি শিশুকালে তোমাকে আমাদের মধ্যে লালন-পালন করিনি, আর তুমি কি তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে অতিবাহিত কর নি?
১৯আর তুমি সেই কাজটি করেছিলে যা করেছিলে, আর তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত।
পৃষ্ঠা ৩৬৭ / ৬০৪