এই পৃষ্ঠা শুনুন — সূরা আশ-শুআরা

৩৬৮

২০মূসা বললেন, আমি তখন তা করেছিলাম, আর আমি ছিলাম বিভ্রান্তদের অন্তর্ভুক্ত।

২১অতঃপর আমি তোমাদের ভয়ে তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম, পরে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করেছেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন।

২২আর এই যে অনুগ্রহের কথা তুমি আমাকে স্মরণ করাচ্ছ, তা তো এই যে, তুমি বনী ইসরাইলকে দাসে পরিণত করেছিলে।

২৩ফিরআউন বলল, বিশ্বজগতের প্রতিপালক আবার কী?

২৪মূসা বললেন, তিনি আসমান, পৃথিবী ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।

২৫ফিরআউন তার আশপাশের লোকদের বলল, তোমরা কি শুনছ না?

২৬মূসা বললেন, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক।

২৭ফিরআউন বলল, তোমাদের কাছে প্রেরিত এই রাসূল তো নিশ্চিতই পাগল।

২৮মূসা বললেন, তিনি পূর্ব-পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, যদি তোমরা বুঝতে পার।

২৯ফিরআউন বলল, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ কর, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।

৩০মূসা বললেন, আমি যদি তোমার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসি, তবুও?

৩১ফিরআউন বলল, তবে তা নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও।

৩২অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলেন, আর তা সাথে সাথে এক সুস্পষ্ট অজগরে পরিণত হলো।

৩৩আর তিনি তাঁর হাত বের করলেন, আর তা দর্শকদের সামনে উজ্জ্বল হয়ে দেখা দিল।

৩৪ফিরআউন তার চারপাশের পারিষদদের বলল, নিশ্চয় এ তো এক বিজ্ঞ জাদুকর।

৩৫সে তার জাদু দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে চায়; সুতরাং তোমরা কী পরামর্শ দাও?

৩৬তারা বলল, তাকে ও তার ভাইকে অবকাশ দাও, আর নগরে নগরে লোক সংগ্রহকারী পাঠাও।

৩৭তারা তোমার কাছে প্রত্যেক বিজ্ঞ জাদুকরকে নিয়ে আসবে।

৩৮অতঃপর নির্ধারিত এক দিনের নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্র করা হলো।

৩৯আর লোকদের বলা হলো, তোমরা কি একত্র হবে,

পৃষ্ঠা ৩৬৮ / ৬০৪