৩৭০
৬১যখন উভয় দল একে অপরকে দেখতে পেল, মূসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়েই গেলাম।
৬২মূসা বললেন, কখনো নয়; নিশ্চয় আমার প্রতিপালক আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন।
৬৩তখন আমি মূসার প্রতি ওহি করলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর। ফলে তা বিভক্ত হয়ে গেল, আর প্রতিটি ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল।
৬৪আর আমি সেখানে অন্যদেরও কাছে নিয়ে এলাম।
৬৫আর আমি মূসা ও তাঁর সঙ্গীদের সবাইকে উদ্ধার করলাম।
৬৬অতঃপর অন্যদের নিমজ্জিত করলাম।
৬৭নিশ্চয় এতে একটি নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।
৬৮আর নিশ্চয় তোমার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু।
৬৯আর তাদের কাছে ইবরাহিমের বৃত্তান্ত বর্ণনা কর।
৭০যখন তিনি তাঁর পিতা ও সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কিসের ইবাদত কর?
৭১তারা বলল, আমরা মূর্তির পূজা করি এবং তাতে নিষ্ঠাবান হয়ে থাকি।
৭২তিনি বললেন, তোমরা যখন ডাক, তখন তারা কি তোমাদের ডাক শোনে,
৭৩অথবা তারা কি তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে?
৭৪তারা বলল, বরং আমরা আমাদের পূর্বপুরুষদের এমনই করতে দেখেছি।
৭৫তিনি বললেন, তোমরা কি ভেবে দেখেছ, তোমরা কিসের ইবাদত করছ,
৭৬তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা?
৭৭নিশ্চয় তারা আমার শত্রু, তবে বিশ্বজগতের প্রতিপালক ব্যতীত,
৭৮যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথ দেখান।
৭৯আর যিনি আমাকে আহার করান ও পান করান।
৮০আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে সুস্থ করেন।
৮১আর যিনি আমাকে মৃত্যু দেবেন, অতঃপর আমাকে পুনর্জীবিত করবেন।
৮২আর যাঁর কাছে আমি আশা করি, তিনি বিচার দিনে আমার ত্রুটি ক্ষমা করবেন।
৮৩হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর।
পৃষ্ঠা ৩৭০ / ৬০৪