৪১৬
১২আর যদি তুমি দেখতে, যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নত করে বলবে, 'হে আমাদের প্রতিপালক, আমরা দেখেছি ও শুনেছি, কাজেই আমাদের ফিরিয়ে দাও, আমরা সৎকর্ম করব, আমরা তো এখন দৃঢ় বিশ্বাসী।'
১৩আর আমি ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দিতে পারতাম, কিন্তু আমার পক্ষ থেকে এই কথা সত্য হয়ে গেছে যে, আমি অবশ্যই জিন ও মানুষ উভয় সম্প্রদায় দিয়ে জাহান্নাম ভর্তি করব।
১৪কাজেই তোমরা স্বাদ গ্রহণ করো, কেননা তোমরা তোমাদের এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে; নিশ্চয় আমিও তোমাদের ভুলে গেলাম। আর তোমরা যা করতে তার কারণে চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো।
১৫শুধু তারাই আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে, যারা তা দিয়ে স্মরণ করানো হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করে, আর তারা অহংকার করে না।
১৬তাদের পার্শ্বদেশ শয্যা থেকে দূরে থাকে, তারা তাদের প্রতিপালককে ভয় ও আশার সাথে ডাকে, আর আমি তাদের যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।
১৭কোনো ব্যক্তিই জানে না তাদের কর্মের প্রতিদানস্বরূপ তাদের জন্য কী নয়নপ্রীতিকর বস্তু লুকিয়ে রাখা হয়েছে।
১৮যে মুমিন সে কি তার মতো, যে ফাসিক? তারা সমান হতে পারে না।
১৯যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে আশ্রয়ের জান্নাত, তাদের কর্মের প্রতিদানস্বরূপ আপ্যায়ন।
২০আর যারা ফাসিক হয়েছে, তাদের আবাস হবে আগুন। যখনই তারা তা থেকে বের হতে চাইবে, তখনই তাদের সেখানে ফিরিয়ে দেওয়া হবে, আর তাদের বলা হবে, 'তোমরা সেই আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করো, যাকে তোমরা মিথ্যা মনে করতে।'
পৃষ্ঠা ৪১৬ / ৬০৪