এই পৃষ্ঠা শুনুন — সূরা ইয়াসীন

৪৪৫

৭১তারা কি দেখে না, আমার হাতে তৈরি জিনিসের মধ্য থেকে আমি তাদের জন্য গবাদিপশু সৃষ্টি করেছি, ফলে তারা তার মালিক?

৭২আর আমি তা তাদের অধীন করে দিয়েছি, ফলে তাদের কিছু তারা বাহন হিসেবে ব্যবহার করে, আর কিছু তারা খায়।

৭৩আর তাদের জন্য তাতে আরও উপকার ও পানীয় রয়েছে। তবু কি তারা কৃতজ্ঞ হবে না?

৭৪আর তারা আল্লাহ ছাড়া অন্য ইলাহ গ্রহণ করেছে, যাতে হয়তো তাদের সাহায্য করা হয়।

৭৫তারা তাদের সাহায্য করার ক্ষমতা রাখে না, বরং তারাই তাদের জন্য প্রস্তুত রাখা এক বাহিনী।

৭৬কাজেই তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে। তারা যা গোপন করে ও যা প্রকাশ করে তা আমি জানি।

৭৭মানুষ কি দেখে না, আমি তাকে একফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছি, অথচ সে এখন প্রকাশ্য বিতর্ককারী?

৭৮আর সে আমার জন্য উদাহরণ পেশ করে, অথচ নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, 'হাড় পচে গেলে তা কে জীবিত করবে?'

৭৯বলো, 'তিনিই তা জীবিত করবেন যিনি প্রথমবার তা সৃষ্টি করেছিলেন, আর তিনি সব সৃষ্টি সম্পর্কে সম্যক জ্ঞাত,

৮০যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন তৈরি করেছেন, ফলে তোমরা তা দিয়ে আগুন জ্বালাও।'

৮১যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন তিনি কি তাদের মতো সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ অবশ্যই, আর তিনিই মহাস্রষ্টা, সর্বজ্ঞ।

৮২তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন, তখন তাঁর নির্দেশ শুধু এটাই যে, তিনি তাকে বলেন, 'হও', ফলে তা হয়ে যায়।

৮৩কাজেই পবিত্র সেই সত্তা, যাঁর হাতে সব কিছুর সার্বভৌম কর্তৃত্ব, আর তাঁরই কাছে তোমাদের প্রত্যাবর্তন করা হবে।

পৃষ্ঠা ৪৪৫ / ৬০৪