এই পৃষ্ঠা শুনুন — সূরা আস-সাফফাত

৪৪৬

সূরা আস-সাফফাত

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১শপথ, ঐ ফেরেশতাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে,

২অতঃপর তীব্রভাবে (মেঘ বা প্রাণীদের) তাড়নাকারীদের শপথ,

৩অতঃপর যিকর তেলাওয়াতকারীদের শপথ,

৪নিশ্চয় তোমাদের ইলাহ একক।

৫তিনি আসমানসমূহ, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, আর তিনি উদয়স্থলসমূহেরও প্রতিপালক।

৬আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দিয়ে সুশোভিত করেছি,

৭আর প্রত্যেক অবাধ্য শয়তান থেকে একে সুরক্ষিত রেখেছি।

৮তারা ঊর্ধ্বজগতের ফেরেশতাদের কথা শুনতে পারে না, আর তাদের প্রতিটি দিক থেকে নিক্ষেপ করা হয়,

৯বিতাড়িত করার জন্য, আর তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি।

১০তবে যে কেউ ছোঁ মেরে কিছু শুনে নেয়, তার পিছু নেয় তীব্র জ্বলন্ত উল্কাপিণ্ড।

১১তাহলে তুমি তাদের জিজ্ঞেস করো, সৃষ্টির দিক থেকে তারা বেশি কঠিন, নাকি আমি যা সৃষ্টি করেছি তা? আমি তো তাদের সৃষ্টি করেছি আঠালো কাদামাটি থেকে।

১২বরং তুমি বিস্মিত হচ্ছ, আর তারা বিদ্রূপ করছে।

১৩আর তাদের যখন উপদেশ দেওয়া হয়, তারা তা গ্রহণ করে না,

১৪আর যখন তারা কোনো নিদর্শন দেখে, তখন বিদ্রূপ করে,

১৫আর বলে, এটা তো স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়।

১৬আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড্ডিতে পরিণত হব, তখন কি সত্যিই আমাদের পুনরুত্থিত করা হবে?

১৭আর আমাদের পূর্বপুরুষদেরও কি?

১৮বলো, হ্যাঁ, আর তোমরা হবে লাঞ্ছিত অবস্থায়।

১৯সেটা তো হবে কেবল একটি মহাধ্বনি, তখনই তারা তাকিয়ে দেখবে।

২০আর তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ! এটাই তো প্রতিফল দিবস।

২১এটাই সেই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।

২২(নির্দেশ আসবে) যারা যুলুম করেছে তাদেরকে, তাদের সঙ্গীদেরকে এবং তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত তাদেরকে একত্র করো,

২৩আল্লাহ ছাড়া, অতঃপর তাদের জাহান্নামের পথে পরিচালিত করো,

২৪আর তাদের থামাও, নিশ্চয় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

পৃষ্ঠা ৪৪৬ / ৬০৪